অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা হয় না নারীর শ্রম, অবদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএর চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর শ্রম ও অবদানকে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা হয় না। গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীর শ্রমের মর্যাদা দিতে হবে। তাঁদের শ্রমকে অর্থনৈতিক অর্জন হিসেবে ধরতে হবে।
‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ’ শীর্ষক কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ২৬তম সেমিনারে গতকাল বৃহস্পতিবার শিরীন শারমিন এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক এই সেমিনার গতকাল শেষ হয়।
সিপিএর চেয়ারপারসন বলেন, নারীকে বাদ রেখে কোনো সমাজের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু সমাজে নারীদের অবদানকে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা হয় না। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর শ্রমকে অর্থনৈতিক নীতিমালার সব হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য সংসদ ও সংসদ সদস্যদের একযোগে কাজ করতে হবে।
স্পিকার বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সারা বিশ্বে যেসব সাংগঠনিক বাধা রয়েছে, সেগুলো দূর করতে কমনওয়েলথভুক্ত সব দেশকে একযোগে কাজ করতে হবে।
গতকাল শেষ দিনের অধিবেশনে আলোচক হিসেবে অংশ নেন সোয়াজিল্যান্ডের এমপি ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি খুমালো, সিঙ্গাপুরের লিম বিয়াও চুয়ান, সাংসদ আব্দুর রাজ্জাক, মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ।