অর্থপাচার অনুসন্ধানে দুদকের নতুন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্তের জন্য আলাদা একটি বিভাগ গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আন্তর্জাতিক অর্থপাচার বিশেষজ্ঞ দলের সঙ্গে বিশেষ বৈঠকের আগে নতুন এ বিভাগটি গঠন করা হলো। বিভাগটির নাম দেওয়া হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ শাখা। 

মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের সত্যতা যাচাইয়ে আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞ দলটি আজ শুক্রবার ও কাল শনিবার দুই ভাগে ঢাকা আসছে। প্রতিনিধিদলকে দেখানোর জন্য নতুন এই বিভাগটি খোলা হয়েছে। এর আগে প্রতিনিধিদলের সফর সামনে রেখে গত সোমবার মন্ত্রিপরিষদে মানি লন্ডারিং আইন ২০১৫-কে মানি লন্ডারিং অধ্যাদেশ ২০১৫ হিসেবে অনুমোদন দেওয়া হয়।
দুদক সূত্র জানিয়েছে, সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের পঞ্চম তলায় এ বিভাগটির কার্যালয় স্থাপন করা হয়েছে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিভাগের পরিচালক নূর আহমেদ বিভাগটির তদারক করবেন।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মানি লন্ডারিং প্রতিরোধ উইং গঠনের বিষয়ে আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল। এখন সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে।’ তিনি বলেন, আগামী রবি ও মঙ্গলবার দুদকের সঙ্গে আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞ দলের (এশিয়া প্যাসিফিক গ্রুপ-এপিজি) বিশেষ বৈঠক হবে। এ উইং গঠনের পেছনে ওই বৈঠকেরও ভূমিকা রয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধের জন্য যে আলাদা একটি বিভাগ রয়েছে তারা সেটি দেখবে।
দুদকের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকটি হবে ১১ ও ১৩ অক্টোবর সংস্থার প্রধান কার্যালয়ে।
এদিকে সফরকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব দপ্তরকে সতর্ক করে বলা হয়েছে, বিশেষজ্ঞ দলের মূল্যায়ন নেতিবাচক হলে বাংলাদেশের রেটিং খারাপ হবে এবং এর ফলে আন্তর্জাতিক লেনদেন বাধাগ্রস্ত হবে। পাশাপাশি বাণিজ্য ব্যয়বহুল হবে এবং দেশের ভাবমূর্তি সংকটে পড়বে।
২০০৮ সালের আগ পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ছিল বাংলাদেশের। তবে বিশ্বের মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) সদস্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর সংস্থাটির নজরদারির মধ্যে পড়ে বাংলাদেশ। এ সময় তারা ৪০টি শর্ত দেয়। একই সঙ্গে সংস্থাটি তাদের দেওয়া শর্ত ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না—তারও মূল্যায়ন করে। তারই ধারাবাহিকতায় সরকার নানা পদক্ষেপ নেয় এবং তার তথ্য ওই সংস্থাটিকে সরবরাহ করে। যার ফলে বাংলাদেশ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে ২০১৪ সালে বের হয়ে আসে। ওই সময়ে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ যথাযথ ছিল কি না, নাকি মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল—তা সরেজমিন খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে।