অর্থপাচার: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ নভেম্বর
যুবলীগের বহিষ্কৃত নেতা আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ২ নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে। সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ স্থানান্তরের আদেশ দিয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার স্পেশাল জজ আদালত-১০ এর সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল। তিনি জানান, এই মামলার অভিযোগপত্র আমলে শুনানি গ্রহণের দিন ধার্য ছিল সোমবার। কিন্তু আসামি জি কে শামীমকে সকালে আদালতে হাজির করা হয়নি। তাঁর আইনজীবী আদালতকে বলেন, জি কে শামীম অসুস্থ। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তখন বিচারক হাসপাতাল থেকে জি কে শামীমকে আনতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে বেলা দুটোর দিকে জি কে শামীমকে আদালতে আনা হয়। হুইল চেয়ারে করে তাঁকে আদালতে তোলা হয়। শুনানি শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ৮ আগস্ট এই মামলায় জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে জিকে শামীমের (৫৫)। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমির মালিক তিনি। এসবের দাম ৪১ কোটি টাকা। জি কে শামীম তাঁর অস্ত্রধারী সাত দেহরক্ষীকে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব অর্থসম্পদ অর্জন করেছেন। ওই সাতজন হলেন দেলোয়ার হোসেন (৩৯), মুরাদ হোসেন (৫২), জাহিদুল ইসলাম (৪১), শহিদুল ইসলাম (৩৬), কামাল হোসেন (৪৯), সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম (৩৪)।
মামলার তদন্তভার পাওয়া সিআইডির কর্মকর্তা আবু সাঈদ বলেন, জিকে শামীমের স্থায়ী আমানত ৩৩৬ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৪০৬ টাকার ওপর আদালতের স্থিতাদেশ রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার ও ৭৫২ সিঙ্গাপুরি মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ তাঁর ৫১ দশমিক ৮৩ কাঠা স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। এগুলোর দলিলমূল্য ৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২০০ টাকা।