অর্থপাচারে মোশাররফের স্ত্রীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক
যুক্তরাজ্যে অর্থপাচারের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আক্তারেরও সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক আহসান আলী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, বিলকিস আক্তার স্বামীর সঙ্গে বিদেশে তাঁর যৌথ হিসাব থাকার কথা স্বীকার করেছেন এবং টাকা পাচারে তাঁরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ করেন আহসান আলী। জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে বিলকিস আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমাকে দুদক হাজির হতে নোটিশ দিয়েছে। আমি যা বলার দুদককে বলেছি।’
যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে খন্দকার মোশাররফ ও স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ হিসাবে আট লাখ চার হাজার ব্রিটিশ পাউন্ড জমা রয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এ অর্থ পাচারের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার। পরে গত ১২ মার্চ মোশাররফকে গ্রেপ্তার করা হয়।
মোশাররফের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর জামিনের আবেদন নাকচ হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।