অর্থপাচারের অভিযোগ, ব্যবসায়ীর বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮০ লাখ মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বিএনপির সাবেক নেতা মোসাদ্দেক আলী ফালুর ভাই নুরুদ্দিন আহম্মেদের ছেলে নাঈম উদ্দিন আহম্মেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক ইকবাল হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি আজ সোমবার ইমিগ্রেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নাঈম উদ্দিন আহম্মেদ দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তাঁর বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

নাঈম উদ্দিন আহম্মেদ রোজা প্রোপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা।

এদিকে নাঈম উদ্দিন আহম্মেদ ও রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহম্মেদকে ১২ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য আবারও দুদকে তলব করা হয়েছে।

এর আগে গত ২ আগস্ট মোসাদ্দেক আলী ফালুসহ নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠায় দুদক। চিঠিতে বলা হয়, ওই নয়জনের বিরুদ্ধে ৮০ লাখ মার্কিন ডলার সমমূল্যের প্রায় ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে) দুবাইয়ে পাচার করে অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ, দুবাইয়ে আরও শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদক বিশ্বস্ত সূত্রে জেনেছে, এসব ব্যক্তি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাই তাঁরা যাতে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় দুদকের পক্ষ থেকে।
যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁরা হলেন: বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, আরএকে পেইন্টস ও আশালয় হাউজিংয়ের পরিচালক এস এ কে একরামুজ্জামান, তাঁর ছেলে এবং আরএকে পেইন্টস ও আরএকে কনজ্যুমার প্রডাক্টসের পরিচালক কামার উজ জামান, ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল করিম, আরএকে কনজ্যুমার প্রডাক্টসের দুই পরিচালক মোহাম্মদ আমির হোসেন ও এম এ মালেক, রোজা প্রপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ এবং আরএকে পেইন্টস ও আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক শায়লিন জামান আকবর।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে। দলের আরেক সদস্য হলেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

অসহযোগিতার অভিযোগ ফালুসহ তিনজনের বিরুদ্ধে
জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হলেও হাজির না হওয়ায় মোসাদ্দেক আলী ফালুসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে দুদক। অপর দুই ব্যবসায়ী হলেন আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক শায়লিন জামান আকবর ও স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক প্রতিমা সরকার।
গত ৫ ও ৬ আগস্ট ওই দুই ব্যবসায়ীসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। প্রথমবারের তলবে দুজন ও দ্বিতীয়বারের তলবে পাঁচ ব্যবসায়ী দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
দুদকের মুখোমুখি হওয়া ব্যবসায়ীরা হলেন: আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক এস এ কে ইকরামুজ্জামান, তাঁর ছেলে আরএকে পেইন্টস ও আরএকে কনজ্যুমার প্রডাক্টসের পরিচালক কামার উজ জামান, আরএকে কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের পরিচালক মো. আমির হোসাইন ও এম এ মালেক, ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল ইসলাম ও আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক।
কিন্তু মোসাদ্দেক আলী ফালু, শায়লিন জামান আকবর ও প্রতিমা সরকার দুদকের তলবে হাজির হননি। মোসাদ্দেক আলী ফালু সময়ের আবেদন করে চিঠি দিয়েছেন।
দুদক সূত্র বলছে, অভিযোগ অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে যেসব অভিযুক্ত ব্যক্তি তথ্য ও রেকর্ডপত্র সরবরাহ না করে অসহযোগিতা করেন বা কাজে বাধা দেন, তাঁদের বিরুদ্ধে দুদক আইনের ১৯(৩) ধারায় ব্যবস্থা নিতে পারে সংস্থাটি। এই ধারায় অপরাধের জন্য অনূর্ধ্ব তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডের বিধান রয়েছে।