অর্থবিত্তে বিস্তর ফাঁরাক, মিল পদ ও পেশায়

দুটো জায়গায় মিল আছে দুজনের। একটি হচ্ছে পেশা, অপরটি দলীয় পদ। দুজনেরই পেশা ব্যবসা। দুজনই দুই দলের জেলা কমিটির সভাপতি। এর বাইরে অর্থবিত্ত ও ঋণের হিসাবে দুজনের অনেক পার্থক্য। তাঁরা হচ্ছেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নেছার আহমদ ও বিএনপির প্রার্থী নাসের রহমান। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ মহাজোটের প্রার্থী হয়েছেন। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় মাত্র ১০ হাজার ৩৮ টাকা। ব্যবসা থেকে ২ লাখ ৬০ হাজার টাকা। নিজের কাছে নগদ আছে ১ লাখ ১২ হাজার টাকা। ব্যাংকে জমা অর্থের পরিমাণ ২ লাখ টাকা। যানবাহন আছে দুটি, যার মোট দাম ১১ লাখ ৮৫ হাজার টাকা। স্বর্ণ আছে ৩২ হাজার টাকার। আসবাব ৬০ হাজার টাকার। পৈতৃক সূত্রে পাওয়া কৃষিজমি আছে ১ দশমিক ০৪৫৬ একর এবং অকৃষি জমি দশমিক ৪৪৮৬ একর। মূল্য অজানা। নেছারের স্ত্রীর নগদ, স্থাবর-অস্থাবর, স্বর্ণ বা আসবাব কোনো কিছুই নেই। নেছারের নামে কোথাও কোনো ঋণ নেই।
অপরদিকে জেলা বিএনপির সভাপতি নাসের রহমান জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন। অর্থবিত্তে বিপুলভাবে এগিয়ে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের এই ছেলে। নাসের রহমানের কৃষি খাত থেকে বার্ষিক আয় ১৮ লাখ টাকা। বাড়িসহ অন্যান্য ভাড়া থেকে পান ৪০ লাখ টাকা। কোম্পানির পরিচালক হিসেবে সম্মানী পান ২৪ লাখ টাকা। নিজের নগদ আছে ১৫ লাখ ৮৯ হাজার টাকা। স্ত্রীর নগদ আছে ৯৩ লাখ ১৯ হাজার ৭৫৩ টাকা। ব্যাংকে জমা নিজের নামে ৭ লাখ ৮৩ হাজার ৪৫৭ টাকা; স্ত্রীর নামে ৪ লাখ ৮৫ হাজার ২৩৬ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার নিজের নামে ১০ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার এবং স্ত্রীর নামে ২ কোটি ৮২ লাখ ৮২ হাজার ৪৯ টাকার। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ স্ত্রীর নামে ১ কোটি ১৬ লাখ ৮৫০ টাকা। নিজের নামে ৪৩ লাখ টাকার একটি জিপ এবং ২০ লাখ টাকা মূল্যের একটি কার আছে। স্বর্ণ নিজের নামে আছে ৩ লাখ টাকার এবং স্ত্রীর নামে ৩০ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকার। ইলেকট্রনিক সামগ্রী নিজের নামে ৫ লাখ টাকার। আসবাব নিজের নামে ১০ লাখ টাকার এবং স্ত্রীর নামে ১০ হাজার টাকার। স্ত্রীর নামে বিবিধ সম্পদ আছে ৫ লাখ টাকার। নিজের নামে কৃষিজমি আছে ২৭ বিঘা। মূল্য ৩২ লাখ ২০ হাজার টাকা। অকৃষিজমি স্ত্রীর নামে ১০ কাঠার প্লট পূর্বাচলে, ৫ কাঠা প্লট ইউনাইটেড সিটিতে এবং ৩৫ শতক জমি কক্সবাজারে। এগুলোর মূল্য ৫০ লাখ ৫২ হাজার টাকা। নিজের নামে গাজীপুরে ৩ হাজার বর্গফুটের একতলা বাড়ি আছে। মূল্য ৪০ লাখ টাকা। গুলশান আবাসিক এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমির বিপরীতে ৩টি অ্যাপার্টমেন্ট আছে। মূল্য অজানা। যৌথ মালিকানায় স্ত্রীর সঙ্গে গুলশানে ৩ হাজার ৫০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট আছে। মূল্য ৪০ লাখ ২০ হাজার টাকা। যৌথ মালিকানায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৩ দশমিক ৪২ একর পাহাড়ি টিলা ভূমি আছে। মূল্য অজানা। এ ছাড়া নিজ নামে বনানী আবাসিক এলাকায় ৫ কাঠা জমির জন্য রাজউকে ৫৫ লাখ টাকা ডিপোজিট আছে।
নাসের রহমান তাঁর দায়দেনার প্রকৃতি ও বিবরণে লিখেছেন, গৃহনির্মাণ ঋণ ৬৩ লাখ ৫৩ হাজার ৪০২ দশমিক ২০ টাকা। গাড়ি কেনার ঋণ ২৩ লাখ ৪৭ হাজার ৯৬৮ দশমিক ২১ টাকা, ব্যক্তিগত ঋণ ৮ লাখ ৯৮ হাজার ৫৬১ দশমিক ২৭ টাকা এবং তৃতীয় পক্ষ থেকে ঋণ ৬ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া ব্র্যাক ব্যাংক থেকে একক ঋণের পরিমাণ ৩২ লাখ ৪৬ হাজার টাকা। একই ব্যাংক থেকে যৌথভাবে (স্ত্রীর সঙ্গে) ৬৩ লাখ ৫৩ হাজার টাকা। আইএফআইসি ব্যাংক লিমিটেডে ঋণের পরিমাণ ৮৭ কোটি ৭৯ লাখ এবং এবি ব্যাংক লিমিটেড থেকে ৬ কোটি ১৫ লাখ ১৮ হাজার টাকা।
এ ছাড়া এই আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত বাসদের মো. মগনু মিয়ার বাড়িভাড়া থেকে প্রার্থীর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৯০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ ব্যাংক আমানত থেকে তাঁর বার্ষিক আয় ১৪ লাখ ২৮ হাজার ৩২ টাকা এবং নির্ভরশীলদের ৩৫ হাজার টাকা। প্রার্থীর আইন পেশা থেকে আয় ২ লাখ ২০ হাজার টাকা। নিজ নামে নগদ ১৮ হাজার ৯০৭ টাকা এবং স্ত্রীর নামে ৩ লাখ ৭০ হাজার টাকা আছে। ব্যাংকে জমা নিজ নামে ২ লাখ ৩৭ হাজার এবং স্ত্রীর নামে ৩০ হাজার টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ৩৪ লাখ এবং স্ত্রীর নামে ৩ লাখ। স্বর্ণ নিজ নামে ৫ তোলা। মূল্য ১ লাখ ৪০ হাজার এবং স্ত্রীর নামে ৭ তোলা। মূল্য ১ লাখ ২০ হাজার। ইলেকট্রনিক সামগ্রী নিজ নামে ১ লাখ ও স্ত্রীর নামে ১ লাখ ৪০ হাজার টাকার। আসবাব নিজ নামে ৫০ হাজার টাকার। অন্যান্য স্ত্রীর নামে ৮০ হাজার টাকার। কৃষিজমি নিজ নামে ২ একর। মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। স্ত্রীর নামে ১ দশমিক ৫ একর। মূল্য ২ লাখ টাকা। যৌথ মালিকানায় ৮ একর। মূল্য ২ লাখ। অকৃষিজমি নিজের নামে ১ লাখ টাকার। ৩ তলা একটি আবাসিক দালান আছে। মূল্য ৩৭ লাখ ৩৩ হাজার ৬৭৪ টাকা। স্ত্রীর নামে সেন্ট্রাল রোড পশ্চিমবাজারে ১টা কোঠা আছে। তাঁর মার্কেন্টাইল ব্যাংকে ব্যক্তিগত ঋণ আছে ১১ লাখ ৮০ হাজার টাকা।