আয়কর সুবিধা নেওয়াসংক্রান্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গ্রামীণের সাত কোম্পানি। গতকাল বুধবার কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কোম্পানিগুলো নিয়মিতভাবে আয়কর রিটার্ন দাখিল করেছে এবং নিয়মানুযায়ী আয়কর প্রদান করেছে।
বিবৃতিতে সই করেছেন গ্রামীণ ট্রাস্টের এইচ আই লতিফী, গ্রামীণ কমিউনিকেশনসের নাজনীন সুলতানা, গ্রামীণ উদ্যোগের এস এম শামীম আনোয়ার, গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের এহসানুল বারী, গ্রামীণ কল্যাণের ইমামুস সুলতান, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের আনোয়ার হোসেন ও গ্রামীণ শক্তির আবছার কামাল।
বিবৃতিতে অর্থমন্ত্রীর বক্তব্য ও এনবিআরের প্রতিবেদনের কথা উল্লেখ করে কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা বলেছেন, উভয়ের দেওয়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।