চট্টগ্রামে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে দরপতন ঠেকাতে ব্যর্থতার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছেন। গতকাল বুধবার দুপুরে নগরের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনের সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তাঁরা এ দাবি জানান। আজ বৃহস্পতিবারও একই স্থানে অনুরূপ সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা। গতকাল দুপুরে বৃষ্টি উপেক্ষা করেই বিনিয়োগকারীরা জড়ো হতে থাকেন বিক্ষোভ সমাবেশে। এ নিয়ে টানা তিন দিন বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের নেতৃত্বে তাঁরা প্রতিবাদ জানিয়ে আসছেন। ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘সব হারিয়ে আমরা পথে নেমেছি। পুঁঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গতকালের দেওয়া প্রতিশ্রুতিগুলোর কার্যকর বাস্তবায়ন দেখতে চান চট্টগ্রামের বিনিয়োগকারীরা।’ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনভেস্টরস ফোরামের নেতা সরোজ চৌধুরী, এম এ কাদের, চন্দন চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, বোরহান উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন আছলাম মোরশেদ। সমাবেশে বক্তারা বাংলাদেশ ব্যাংকের সব প্রতিশ্রুতি লিখিত এবং সুনির্দিষ্ট আকারে তুলে ধরার দাবি জানান। তাঁরা পুঁজিবাজারের বর্তমান সংকট তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ভ্রান্ত নীতির জন্য ব্যাংকের গভর্নর এবং তারল্য-সংকট নিরসনে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেন। সমাবেশ শেষে বিনিয়োগকারীরা আগ্রাবাদ এলাকায় একটি মিছিল করেন। এতে তাঁরা অবিলম্বে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। তবে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বলে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার টহল পুলিশ পরিদর্শক মুন্সী হাফিজুর রহমান।