অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সংসদে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান অনুপস্থিত থাকায় সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।
বাজেট আলোচনার সময় সংসদ অধিবেশনে গতকাল রোববার সভাপতিত্বকারী ডেপুটি স্পিকারের উদ্দেশে ফিরোজ রশীদ বলেন, ‘সংসদে অর্থমন্ত্রী নেই, প্রতিমন্ত্রীও নেই। কার কাছে কথা বলব। কে আমাদের বক্তব্যের জবাব দেবেন। এখানে কথা বলা আর আকাশের কাছে কথা বলা একই কথা।’
কাজী ফিরোজ রশীদ আর্থিক খাতে লুটপাট ও দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, ‘জনগণের শত শত কোটি টাকা পাচার হয়ে যাবে আর আমরা তামাশা দেখব, তা হতে পারে না। আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা না গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, সাগরচুরি হয়েছে। কিন্তু এই সাগরচুরির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নিয়েছেন?’
গতকাল বাজেট আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের আবদুর রহমান, আবদুস শহীদ, কামাল আহমেদ মজুমদার, কাজী রোজী, এ কে এম ফজলুল হক, শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।