অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ ১৫৩ জনের হুমকিদাতা গ্রেপ্তার

অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ ১৫৩ জনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবদুল হক (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে দুদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশ জানিয়েছে, আবদুল হক সুনামগঞ্জের ছাতকে একটি মাদ্রাসার উপাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রকে ফাঁসাতে তাঁদের মোবাইল ফোন আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্পুফিং করে দেড় বছর ধরে ১৫৩ ব্যক্তিকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। এই তালিকায় অধ্যাপক আনিসুজ্জামানও ছিলেন।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ইসলামিক স্টেট বাংলাদেশ (আইএস), কখনো আইএস বিডি, আনসার আল ইসলাম, আনসার আর বাংলা টিমের নামে বিশিষ্ট ও বরেণ্য ব্যক্তিদের হুমকি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। ২৯ সেপ্টেম্বর এ রকম হুমকি পেয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান তেজগাঁও থানায় একটি জিডি করেন। উপসম্পাদকীয় লেখার কারণে তাঁকে হুমকি দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মুহম্মদ জাফর ইকবাল ও মুনতাসীর মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ১৫৩ জনকে হুমকি দেওয়া হয়। এই হুমকির পর সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ বি সিদ্দিকের ও পুলিশ সদর দপ্তরের আড়ি পাতা (এলআইসি) শাখার সহযোগিতায় ডিবি তদন্ত শুরু করে।
মনিরুল ইসলাম বলেন, প্রথমে ধারণা করা হচ্ছিল, সিলেট অঞ্চল থেকে তিনটি মোবাইল নম্বর ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে। মোবাইলের ওই নম্বরগুলো সুনামগঞ্জের ছাতকের মাদ্রাসার উপাধ্যক্ষ সাদউল্লাহ, সিলেটের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ফাইজুর রহমান ও সালেহ আহম্মেদ ওরফে ফোয়াদের। পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাঁদের কাছ থেকে পুলিশ সন্দেহভাজন কয়েকজনের সম্পর্কে তথ্য পায়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, আবদুল হক পূর্বশত্রুতার জের ধরে ওই মাদ্রাসার উপাধ্যক্ষ ও দুই ছাত্রকে ফাঁসাতে চেয়েছিলেন। পরে পুলিশ হুমকিদাতা আবদুল হককে শনাক্ত করে এবং অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে দুটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। সেগুলো বিশ্লেষণ ও গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, আবদুল হক ওই তিন ব্যক্তিকে ফাঁসাতে এসব করেন। তাঁর বাড়ি ছাতক উপজেলার গাংপাড়ার নয়াকোটে। চারিত্রিক সমস্যার কারণে জকিগঞ্জ মাদ্রাসার শিক্ষক আবদুল হককে সেখান থেকে বহিষ্কার করা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে আবদুল হক জানিয়েছেন, তিনি আইএস কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের লেখা পড়েন। এতে তিনি উদ্বুদ্ধ হয়ে একে-ওকে হুমকি দিচ্ছিলেন। তিনি বলেন, আবদুল হক উগ্রবাদী লেখালেখি করেন। সেই ধরনের কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে তাঁর কাছ থেকে উদ্ধার করা ডিভাইসগুলোতে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উগ্রবাদী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি জড়িত রয়েছেন কি না, সে বিষয়েও তদন্ত করা হবে। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ও উদ্ধার হওয়া ডিভাইসগুলো পরীক্ষা করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে।
আবদুল হক মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তাহলে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও ইংরেজিতে তিনি কীভাবে এত পারদর্শী হলেন—এ প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘আবদুল স্বশিক্ষিত। তাঁর অত্যাধুনিক জ্ঞান ব্যবহারের প্রতিভা ও চর্চা ডিভাইসগুলোতে দেখা গেছে। তিনি দীর্ঘদিন পড়াশোনা ও চর্চা করে সব অর্জন করেন। এ ক্ষেত্রে তাঁর ব্যবহারিক জ্ঞান রয়েছে। প্রশিক্ষিত প্রযুক্তিবিদদের অ্যাপস ব্যবহারে সীমাবদ্ধতা থাকলেও তাঁর নেই।’
অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, আবদুল হক ইন্টারনেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর সংগ্রহ করেন।