অর্থমন্ত্রী ফিরলেই গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
১৪ মাসের মাথায় গ্রামীণ ব্যাংক কমিশনের কার্যক্রম শেষ হয়েছে। গত শনিবার ছিল কমিশনের শেষ দিন। আগে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন তৈরি করলেও কমিশন এর মধ্যে গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। তবে সরকারের কাছে এ প্রতিবেদন গতকাল রোববার পর্যন্ত দাখিল করেনি কমিশন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাপান থেকে দেশে ফেরার পর অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদনটি জমা পড়বে বলে জানা গেছে। কাল মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে অর্থমন্ত্রী আগামী বুধবার থেকে অফিস করবেন। অর্থ মন্ত্রণালয় ও বিদায়ী কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০ জুলাই পর্যন্ত মেয়াদ থাকলেও এক দিন পর গতকাল গ্রামীণ ব্যাংক কমিশন তার কার্যক্রম গুটিয়ে নিয়েছে। কমিশনকে কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন দলিলপত্র দিয়ে সহায়তা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কমিশন গতকাল সেগুলো বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দিয়েছে। সাবেক সচিব মামুন-উর-রশিদকে চেয়ারম্যান করে এ কমিশন গঠন করা হয়েছিল ২০১২ সালের মে মাসে। কমিশনের অন্য সদস্যরা হলেন আইনজীবী আজমালুল হোসেন, হিসাববিজ্ঞানী (সিএ) মোসলেহউদ্দিন আহমেদ এবং সদস্যসচিব পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম এ কামাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিশন একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়। এই প্রতিবেদনে কমিশন যেসব সুপারিশ করে, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। সম্প্রতি ছোট ছোট পল্লী বিদ্যুৎ সমিতির মতো করে গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করে পরিচালনার সুপারিশও করেছিল এই কমিশন। দেশের বিশিষ্টজনেরা এমন চিন্তার সঙ্গে একমত পোষণ করেননি। সূত্র জানায়, গ্রামীণ ব্যাংক কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের চেয়ে চূড়ান্ত প্রতিবেদনে খুব বেশি পার্থক্য থাকবে না। অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ইংরেজিতে করা হলেও এবারেরটি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই করা হচ্ছে। অর্থমন্ত্রী ও গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের মেয়াদ শেষ হওয়ার দিন ২০ জুলাই প্রতিবেদন জমা পড়বে বলে জানিয়েছিলেন। গ্রামীণ ব্যাংক কমিশন সূত্র জানায়, সবকিছুই চূড়ান্ত। এখন অর্থমন্ত্রী যেদিন বলবেন, সেদিনই কমিশনের চেয়ারম্যান প্রতিবেদন জমা দিতে মন্ত্রণালয়ে যাবেন। জমা দেওয়ার সময়ে অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন।
অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের মতো চূড়ান্ত প্রতিবেদনও অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।