অর্থমন্ত্রী বলছেন, দুদক করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কতবার বলতে হবে অর্থমন্ত্রীকে? এই প্রশ্ন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে। কারণ, বেসিক ব্যাংকের জালিয়াতিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান যে অভিযুক্ত, এ কথা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫ সাল থেকে গতকাল বুধবার পর্যন্ত অন্তত ছয়বার বললেন। কিন্তু একবারও শোনা হয়নি অর্থমন্ত্রীর কথা। এবারও হয়তো একই ঘটনা ঘটবে। কেননা, অর্থমন্ত্রী যতই বলছেন দুদক বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আসলে তাঁকে রক্ষা করতেই ব্যস্ত।
গতকাল অর্থমন্ত্রী শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠান শেষে খুব স্পষ্ট করেই অর্থমন্ত্রী বলেছেন যে বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় তদন্ত প্রতিবেদনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই ওরফে বাচ্চুকে অভিযুক্ত করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দুদকের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে তিনি অভিযুক্ত (হি হ্যাজ বিন ব্লেমড) হয়েছেন। এখন দেখা যাক দুদক কী ব্যবস্থা নেয়।’
১৯ মার্চ একই ধরনের কথা বলেছিলেন অর্থমন্ত্রী। ওই দিন ছিল রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতিসংক্রান্ত একটি বৈঠক। বৈঠক শেষে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে সাংবাদিকেরা অর্থমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন। অর্থমন্ত্রী তখনো বলেছিলেন, ‘আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। বেসিক ব্যাংক নিয়ে করা প্রতিবেদন এখন দুদকে আছে। দুদক তাদের আইনে ব্যবস্থা নেবে।’
শেখ আবদুল হাই ওরফে বাচ্চুকে নিয়ে অবশ্য অর্থমন্ত্রী আরও কঠোর ভাষায় কথা বলেছিলেন ২০১৫ সালের ৮ জুলাই। সচিবালয়ে তিনি ওই দিন সাংবাদিকদের বলেন, ‘যতই ক্ষমতাশালী হোক না কেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে আইনের আওতায় আনা হবে। ব্যাংকটিতে হরিলুট হয়েছে। আর এর পেছনে ছিলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। তাঁর ব্যাংকবহির্ভূত কর্মকাণ্ডের কারণেই বেসিক ব্যাংক সমস্যায় জর্জরিত হয়েছে। তাঁর ব্যাংকবহির্ভূত কর্মকাণ্ডের অনেক প্রমাণ পাওয়া গেছে। এখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো সমস্যা হবে না।’
কেবল সাংবাদিকদের কাছেই নয়, অর্থমন্ত্রী আবদুল হাই বাচ্চুকে নিয়ে দুবার কথা বলেছিলেন জাতীয় সংসদেও। ২০১৫ সালের ৩০ জুন জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী হল-মার্ক কেলেঙ্কারি ও বেসিক ব্যাংক জালিয়াতি নিয়ে বলেছিলেন, ‘জালিয়াতদের ধরতে বাধা নিজের দলের লোক।’
এরপরে চলতি বছরেরই ২৩ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী সংসদকে জানিয়েছিলেন, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতিতে শেখ আবদুল হাই বাচ্চুর সংশ্লিষ্টতা ছিল।
অর্থমন্ত্রী দুই বছরের বেশি সময় ধরেই শেখ আবদুল হাই ওরফে বাচ্চু নিয়ে কথা বলে আসছেন। কিন্তু কাজের কাজটি হয়নি। গতকাল নতুন করে বলার পরও যে কাজ হবে, তা নিশ্চিত নয়। গতকাল অর্থমন্ত্রীর এ বক্তব্যের সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। পরে রাতে কথা বলেছি দুদক চেয়ারম্যানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বললেন, দুদককে মন্ত্রণালয় এখনো কোনো প্রতিবেদন দেয়নি। প্রতিবেদন পাওয়া গেলে সেটা তদন্ত কর্মকর্তাদের দেওয়া হবে। তাঁরা সেটা যাচাই-বাছাই করবেন। তারপর তাঁদের কাছ থেকে এ-সংক্রান্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে যাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এখানে বাচ্চু সাহেব আলাদা কেউ না।
দুদক চেয়ারম্যান কোন প্রতিবেদন না পাওয়ার কথা বললেও আমরা জানি ২০১৪ সালেই বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের জালিয়াতি নিয়ে তাদের অনুসন্ধানী প্রতিবেদন দুদককে পাঠায়। পাশাপাশি বেসিক ব্যাংকের নিয়োগ করা দুটি বহির্নিরীক্ষক প্রতিষ্ঠানের কার্যভিত্তিক নিরীক্ষা প্রতিবেদনও দেওয়া হয় দুদককে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটিও বেসিক ব্যাংক নিয়ে তদন্ত করেছে। সব প্রতিবেদনেই অর্থ জালিয়াতির জন্য চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুকে দায়ী করা হয়। এতগুলো প্রতিবেদন পাওয়ার পরেও দুদক এখন বলছে ভিন্ন কথা।
ব্যাংকটির প্রায় সাড় চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় ২০১৫ সালে ৫৬টি মামলা করে দুদক। ওই সব মামলায় ঋণগ্রহীতা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করা হলেও আবদুল হাই ওরফে বাচ্চুকে আসামি করা হয়নি। এরপর ১৮ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি দুদক।
এ নিয়ে দুদক চেয়ারম্যান চেয়ারম্যান ইকবাল মাহমুদ গতকাল বলেন, ‘এটা খুবই জটিল মামলা। কমিশনের তদন্ত কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। আমরা চাই যাদের কাছে টাকা গেছে তাদের সবাইকে ধরতে। সুবিধাভোগীদেরও ধরতে। তবে অনেককেই পাওয়া যাচ্ছে না। তাই তদন্ত শেষ করতে সময় লাগছে।’
সামগ্রিক পরিস্থিতি দেখে প্রশ্ন এখন একটাই, শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর ক্ষমতার উৎস কি এতটাই শক্ত যে কেউই তাঁকে স্পর্শ করতে পারছেন না? আর শেখ আবদুল হাই ওরফে বাচ্চুকে রক্ষার দায়িত্ব নিয়েছে খোদ দুদক। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান দুর্নীতি নিয়ে অনেক কথাই বলছেন। সবচেয়ে বেশি দুর্নীতি হয় ব্যাংক খাতে—এ বক্তৃতাও তিনি দিয়েছেন। কিন্তু বেসিক ব্যাংকের প্রভাবশালী সাবেক চেয়ারম্যানের ক্ষেত্রে দুদক চেয়ারম্যানের কথার সঙ্গে কাজের মিল নেই। তাহলে কি এসব কথাবার্তা, প্রচার-প্রচারণা সব লোকদেখানো?