ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী
আদালতে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষুব্ধ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার দুপুরে সিলেটে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংসদে আবার ষোড়শ সংশোধনী পাস করার কথা জানান। তিনি রাগত স্বরে বলেন, ‘আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি জুডিশিয়ারি কত দূর যায়।’
সংবিধানের ষোড়শ সংশোধনী উচ্চ আদালতে বাতিল হওয়া প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন অর্থমন্ত্রী। প্রথমে তিনি সংক্ষেপে বলেন, ‘হ্যাঁ এটা আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি জুডিশিয়ারি কত দূর যায়।’
এ কথা বলে এ-সংক্রান্ত আরও একটি প্রশ্ন শুনে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অর্থমন্ত্রী কারও নাম উল্লেখ না করে প্রশ্ন তুলে বলেন, ‘মানুষের প্রতিনিধিদের ওপর তারা খবরদারি করবে? তাদেরকে আমরা চাকরি দিই।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ দুপুরে তাঁর নির্বাচনী এলাকা সিলেটে পৌঁছান। সিলেট পৌঁছে প্রস্তাবিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থানের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে বিকেলে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে সুধী সমাবেশে অংশ নেন।