অর্থমন্ত্রী বললেন 'আমি আছি'
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে ফের প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদে চা-শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী ‘আমি আছি’ বলে প্রার্থিতার কথা নিশ্চিত করেন।
আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি না—সাংবাদিকদের এ রকম প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আছি! তবে দাঁড়াব কি না সেটা পরে দেখা যাবে!’ তাহলে আগামী নির্বাচনে আপনার অংশগ্রহণের ব্যাপারে কতটুকু আশা করা যায়—এ প্রশ্নে তিনি বলেন, ‘শতভাগ’।
জাতীয় নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসন বিশেষ মর্যাদার বলে সমাদৃত। এ আসন নিয়ে গত প্রায় পাঁচটি নির্বাচনী ফলাফল নিয়ে একধরনের মিথ প্রচলিত রয়েছে। এ আসনে যে দলের প্রার্থী জেতেন, সেই দলই ক্ষমতায় যায়।
আগামী জাতীয় নির্বাচনে আবুল মাল আবদুল মুহিত আর প্রার্থী হচ্ছেন না—এ কথা তাঁর মুখ থেকে বিভিন্ন সময় বলতে শোনা গেছে। প্রায় দুই বছর ধরে সিলেটে অর্থমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় অংশ নিতে দেখা গেছে তাঁর ছোট ভাই জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনকে। আগামী নির্বাচনে মুহিত প্রার্থী না হলে মোমেন প্রার্থী হচ্ছেন—এ রকম প্রচারণাও রয়েছে সিলেটে।
এ অবস্থায় গত ২২ মার্চ তৃণমূলের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেন। তৃণমূলের সমাবেশে অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে মিসবাহ সিরাজের প্রার্থিতা ঘোষণার পর থেকে অর্থমন্ত্রীর মুখ থেকে আর নির্বাচন করবেন না—এ রকম কথা শোনা যায়নি।
নৌকায় ভোট চাইলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী চা-শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ জাতীয় নির্বাচন হওয়ার কথা জানিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। চা-শ্রমিক ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণতন্ত্রের রক্ষাকবচ হচ্ছে নির্বাচন। কারণ নির্বাচনে জনগণ প্রার্থীদের শিক্ষা দিতে পারেন। প্রার্থীরা জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করলে নির্বাচনে তাঁকে প্রত্যাখ্যান করেন, আর ভালো কাজ করলে তাঁকে গ্রহণ করেন।
আট বছর ধরে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারপ্রধান শেখ হাসিনারও একমাত্র লক্ষ্য জনকল্যাণ। শেখ হাসিনার এই অবদানের কথা আগামী নির্বাচনে মনে রেখে ভবিষ্যতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান আমার।’
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।