অর্থমন্ত্রী মুহিতের বক্তব্যে হঠাৎ সরগরম জাতীয় সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাঘাট সংস্কার প্রকল্পের টাকা ছাড় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার হঠাৎ করে সরগরম হয়ে ওঠে সংসদ। মাগরিবের নামাজের আগে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এই প্রকল্পের টাকা ছাড় হয়েছে বলে বক্তব্য দিলে প্রায় সব সাংসদ এর প্রতিবাদ করেন।
প্রশ্নোত্তর পর্বে গতকাল পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জবাব দিচ্ছিলেন। নারায়ণগঞ্জের এ কে এম শামীম ওসমানের বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তাপ শুরু হয়। ক্ষমতাসীন দলের এই সাংসদ অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকার রাস্তাঘাট সংস্কারের ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়নি। তাঁর এই বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, ওই টাকা ছাড় দেওয়া হয়েছে।
তখন সাংসদেরা প্রতিবাদ করে বলতে থাকেন, তাঁরা টাকা পাননি। কিন্তু তখনো অর্থমন্ত্রী বলেন, ওই টাকা ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, তাঁর এলাকায় এই টাকায় কাজও শুরু হয়েছে।
এ পর্যায়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, অর্থমন্ত্রী বলেছেন এই টাকা দেওয়া হয়েছে। আসলে দেওয়া হয়নি। এরপর আবারও অর্থমন্ত্রী বলেন, ওই টাকা বাজেটে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে।
এ সময় পাশে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে কিছু একটা বলছিলেন। তখন অর্থমন্ত্রী বলেন, ‘না না না, প্রধানমন্ত্রী; স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠিও দিয়েছে কীভাবে এ প্রকল্প করা হবে...।’
এ অবস্থায় মাগরিবের নামাজের বিরতি হয়। এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তিনি সুনির্দিষ্ট জায়গায় কথা বলেছেন। আসলে কেউ টাকা পায়নি। উনি (অর্থমন্ত্রী) নিজেও পাননি। উনি যদি পেয়েছেন বলে থাকেন, তাহলে সেটি সঠিক নয়। উনি হয়তো আগের ১৫ কোটি টাকা পেয়েছেন। এরপর অর্থমন্ত্রী আবার বলেন, ‘আমি বাজেটে বরাদ্দ দিয়েছি। এখন আর আমার করার কিছু নেই।’
এরপর দিনের অন্য কার্যসূচি শুরু করেন অধিবেশনের সভাপতি স্পিকার শিরীর শারমিন চৌধুরী। গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনা করেন কয়েকজন সাংসদ। পরে অধিবেশন আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।