ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সাংসদ আবদুল মান্নান। তিনি মানুষের দাবি অনুযায়ী বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
গতকাল সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আবদুল মান্নান এ দাবি জানান। আরও কয়েকজন সাংসদ একই দাবি জানান। অবশ্য একজন সাংসদ বর্ধিত আবগারি শুল্কের প্রস্তাবে সমর্থন জানান।
ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে না—অর্থমন্ত্রীর এ বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রীর উদ্দেশে আবদুল মান্নান বলেন, এখানে জেদ ধরার বিষয় নেই। আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে। মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। মানুষ এ শুল্ক চায় না। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে, এটা মাথায় রাখা প্রয়োজন।
আবদুল মান্নান বলেন, অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক আগেও ছিল। এবার তা বাড়ানো হয়েছে। প্রায় সব সাংসদ বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংসদের বাইরেও এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আগে যে আবগারি শুল্ক ছিল, তা সহনীয় ছিল। মানুষ মনে করছে, বর্ধিত শুল্ক প্রত্যাহার করা উচিত। এটি নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তিনি খাতভিত্তিক ভ্যাট বাস্তবায়ন, কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
সরকারি দলের এ কে এম এ আউয়াল বলেন, গ্রামের নারীরা ১, ২ লাখ টাকা ব্যাংকে জমা রাখেন। এ অবস্থায় শুল্ক বাড়ানো হলে নির্বাচনের আগে এর নেতিবাচক প্রতিক্রিয়া হবে। যেটাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তা রাখার যুক্তি নেই। দেশে দারিদ্রতা নেই দাবি করে তিনি বলেন, এখন শুক্রবার দাওয়াত খাওয়ানোর জন্য ভিক্ষুক পাওয়া যায় না।
এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘এখন ফকিরকে দাওয়াত দেওয়া হলে আগে তাঁরা খাবারের মেন্যু জানতে চান।’
ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী বলেন, এ বাজেটের নেতিবাচক দিক হলো আশ্বাস দেওয়ার পরও মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশই রাখা হয়েছে। ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। এসব মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। তিনি মূসক ১০ শতাংশ করা, আবগারি শুল্ক বাড়ানোর ও সঞ্চয়পত্রে সুদের হার কমানোর প্রস্তাব থেকে ফিরে আসার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সরকারদলীয় আ ফ ম রুহুল হক বলেন, শুধু অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের হাতকড়া পরিয়ে নেওয়া গ্রহণযোগ্য নয়। এ নিয়ে বিশেষ চিন্তা করা প্রয়োজন। তিনি বিজ্ঞান খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
বিরোধী দল জাতীয় পার্টির আবদুল মুনিম চৌধুরী বলেন, সাধারণ মানুষ মনে করে বাজেট মানে কর বৃদ্ধি, দাম বৃদ্ধি। এত ভ্যাট-ট্যাক্স আরোপের পরও প্রস্তাবিত বাজেটে জিডিপির ৫ শতাংশ ঘাটতি। তিনি শিশুখাদ্যের ওপর সম্পূরক শুল্ক না বাড়ানো, আমানতে আবগারি শুল্ক না বাড়ানোর এবং সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানান।
সংরক্ষিত মহিলা আসনের সানজিদা খানম ই-কমার্স ও মেডিটেশন থেকে কর প্রত্যাহারের দাবি জানান।
অবশ্য সরকারি দলের শামসুল হক ভূঁইয়া বলেন, সরকার ও বিরোধী দলের অনেকে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি করলেও তিনি এটি সমর্থন করেন। এটি অবাস্তব নয়, এটি কার্যকর হলে কোনো অকল্যাণ হবে না।
অধিবেশনের শুরুতে অনির্ধারিত আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি যুক্তরাজ্যের নির্বাচনে বিজয়ী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন।