অর্থমন্ত্রীকে দেখতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাসপাতালে
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেখতে যান। তাঁরা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সেখানে কিছু সময় কাটান। অর্থমন্ত্রী উচ্চ রক্তচাপের কারণে অসুস্থবোধ করায় ১১ মে হাসপাতালে ভর্তি হন। খবর ইউএনবি ও তথ্য বিবরণীর।হাসপাতালে সংশ্লিষ্ট চিকিসকেরা রাষ্ট্রপতিকে অবহিত করেন যে অর্থমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করছেন। অর্থমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতিতে রাষ্ট্রপতি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আন্তরিক চিকিৎসাসেবা প্রদান করায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী সন্ধ্যায় অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি মুহিতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। শেখ হাসিনা মুহিতের আশু আরোগ্য কামনা করেন এবং তাঁকে আরও কয়েক দিন বিশ্রাম নিতে পরামর্শ দেন।