অবিলম্বে অর্থমন্ত্রীর অপসারণসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাম মোর্চা এ দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ব্যাংক জালিয়াত চক্রের রক্ষাকর্তার ভূমিকা নিয়েছেন বলে অভিযোগ করেন বাম নেতারা। তাঁরা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের যোগসাজশ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের এত বড় আর্থিক জালিয়াতির দুঃসাহস কল্পনা করা যায় না। আর কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর অর্থমন্ত্রী যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাতে এ যোগসাজশ এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। এ ছাড়া বিদ্যুৎ বিল ও রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে সরকারের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হিসেবে অ্যাখ্যায়িত করে এ পদক্ষেপ বাতিল করারও দাবি জানায় বাম মোর্চা। এ দাবিতে ১২ সেপ্টেম্বর সচিবালয়ের সামনে ও ১৮ সেপ্টেম্বর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন বামপন্থী সংগঠনের এ জোট।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাম মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।