অর্থমন্ত্রীর নির্দেশে কাজে যোগদান তিন কর্মকর্তার
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবসহ তিন কর্মকর্তা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে গতকাল বুধবার কাজে যোগ দিয়েছেন। এই তিন কর্মকর্তার দপ্তরে তালা লাগিয়ে দিয়েছিলেন ক্ষমতাসীন দলের কাউন্সিলররা। সেই থেকে তাঁরা কাজ থেকে বিরত ছিলেন।
১৭ অক্টোবর ক্ষমতাসীন দলের ১০ কাউন্সিলর প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান হিসাব কর্মকর্তা আ ন ম মনছেফের দপ্তরে তালা ঝুলিয়ে দেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, মঙ্গলবার অর্থমন্ত্রী সিলেটে এলে রাতে সিটি করপোরেশনের বিষয়টি তাঁকে জানানো হয়। অর্থমন্ত্রী তালা দেওয়ার ঘটনাটি ‘গুন্ডামি’ হিসেবে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে গতকাল থেকে অফিস করার নির্দেশ দেন। এরপর এ ধরনের ঘটনা ঘটলে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তিনি।