অর্থমন্ত্রীর নেতৃত্বেই কমিটি পুনর্গঠন, শিক্ষকদের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট সমস্যা পর্যালোচনার জন্য মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার পুনর্গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই এ কমিটির আহ্বায়ক থাকছেন। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখনো অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে না বসার সিদ্ধান্তে অনড়।

এদিকে ‘ন্যায়বিচার’ পাবেন না—এমন আশঙ্কায় শিক্ষকেরা অর্থমন্ত্রীর সঙ্গে না বসার ঘোষণা দিয়ে এই কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন। এর মধ্যেই গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি পুনর্গঠন করেছে। কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জনপ্রশাসনমন্ত্রী বা প্রতিমন্ত্রী ও আইনমন্ত্রী। পুরোনো সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষামন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী। বাদ পড়েছেন তথ্যমন্ত্রী। এতে সাচিবিক সহায়তাকারী হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা। শিক্ষক আন্দোলনে নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রী নিজেই নিজেকে শিক্ষকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। শিক্ষকেরা এখনো মনে করছেন, বেতনবৈষম্য দূরীকরণ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অর্থমন্ত্রী নেতৃত্বে থাকলে শিক্ষকেরা ন্যায়বিচার পাবেন না। এ জন্য এখনো তাঁর সঙ্গে না বসার সিদ্ধান্তে অনড় আছেন।

মাকসুদ কামাল বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ও গ্রেড-সমস্যা নিরসনের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনেও অনড় আছেন। আজ বৃহস্পতিবার তাঁরা ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজ নিজ ক্যাম্পাসে কর্মবিরতি পালন করবেন।

অন্যদিকে সিলেকশন গ্রেড, টাইমস্কেল বহালসহ কয়েকটি দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আন্দোলনও অব্যাহত আছে। ১৯ ও ২০ সেপ্টেম্বর সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে কর্মবিরতি পালন করবেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।