অর্থমন্ত্রীর নেতৃত্বেই 'বেতন বৈষম্য দূরীকরণ কমিটি'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আহ্বায়ক রেখে বেতন বৈষম্য দূরীকরণ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি পুনর্গঠন করেছে। এ কমিটিকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট সমস্যা পর্যালোচনার দায়িত্ব দিয়েছে মন্ত্রিসভা।
ন্যায়বিচার পাবেন না, এমন আশঙ্কায় শিক্ষকেরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে না বসার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এই কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন। এর মধ্যেই আজ মন্ত্রিপরিষদ বিভাগ বেতনবৈষম্য দূরীকরণ-সংক্রান্ত কমিটি পুনর্গঠন করেছে। পুনর্গঠিত ওই কমিটিতে অর্থমন্ত্রীকেই আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। এতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী ও আইনমন্ত্রী আনিসুল হক। কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে।
পুরোনো সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষামন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী। আর কমিটির সাচিবিক সহায়তাকারী হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, অর্থসচিব ও জনপ্রশাসনসচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব।
এর আগে গত ২৪ এপ্রিল এই কমিটি গঠন করা হয়েছিল।