অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে অস্থিরতার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ব্যর্থতার দায় স্বীকার করাই যথেষ্ট নয়, এ জন্য তাঁর পদত্যাগ করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদের উদ্যোগে ‘আধিপত্যবাদী আগ্রাসন ও একদলীয় অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে লড়াই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। মওদুদ আহমদ এই ঘটনার সঙ্গে জড়িত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাসহ দায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে পুঁজিবাজারের এই অনিয়ম তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত শুক্রবার অর্থমন্ত্রী বলেছিলেন, ‘পুঁজিবাজার পরিচালনায় নিশ্চয়ই এসইসি কর্তৃপক্ষের ভুল হয়েছিল। ভুল আমারও হয়েছে।’এই বক্তব্যের এক দিন পর গতকাল সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, সম্প্রতি পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এর সঙ্গে কারা জড়িত, তা সরকার জানে। এ ঘটনায় ভুল স্বীকার করা অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি অভিযোগ করেন, ’৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এই অবস্থার সৃষ্টি হতো না। সংগঠনের চেয়ারম্যান কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানসহ আরও অনেকে বক্তব্য দেন। মওদুদের বক্তব্যের জবাবে তোফায়েল: পৌরসভা নির্বাচনকে গণভোট আখ্যা দিয়ে সরকারের পরাজয় হয়েছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গত শুক্রবার যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। গতকাল শনিবার প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তোফায়েল আহমেদ বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ১০৯টি পৌরসভায় বিজয়ী হয়েছে। আর বিএনপি বিজয়ী হয়েছে ১০৩টি পৌরসভায়। সুতরাং এ নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে। গত নির্বাচনে এসব পৌরসভার অধিকাংশটিতে বিএনপির মেয়র ছিল। তিনি বলেন, ভোলায় গত নির্বাচনে চারটি পৌরসভাতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হন। এবার চারটিতেই আওয়ামী লীগ জিতেছে। তোফায়েল আহমেদ বলেন, পৌরসভা নির্বাচনের ফলাফল আগামী নির্বাচনে আওয়ামী লীগের হারার ইঙ্গিত বলে মওদুদ আহমদ মন্তব্য করেছেন। তাই যদি হয়ে থাকে, তাহলে মওদুদের নির্বাচনী এলাকায় দুটো পৌরসভাতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।