অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সাংসদ ফজলুল আজিম
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে অর্থমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তাই তাঁর উচিত স্বেচ্ছায় সরে যাওয়া।জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে গতকাল বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফজলুল আজিম এ দাবি করেন। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি এখন ভয়াবহ সংকটের মধ্যে আছে। শেয়ারবাজার যেখানে পৌঁছেছে, তা থেকে আর উত্তরণের সুযোগ নেই। দেশে বিনিয়োগ নেই। ডলারের দাম বেড়েই চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন।ফজলুল আজিম বলেন, ‘অর্থমন্ত্রী ভালো মানুষ। তিনি চেষ্টা করেছেন। কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। অর্থনৈতিক উন্নয়ন সাধনে সরকার আন্তরিক। আরও দুই বছর সময় আছে, কিন্তু এই অর্থমন্ত্রীর পক্ষে সংকটের সমাধান সম্ভব নয়। তাই অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’ তিনি বলেন, দেশে ও এই সংসদের ভেতরে অনেক মেধাবী লোক আছেন। তাঁদের কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে।