অর্থমন্ত্রীর বক্তব্য চাকরিজীবীদের আন্দোলনকে উসকে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনবৈষম্যের প্রতিবাদে আন্দোলনকারীদের বিরুদ্ধে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী নেতারা। তাঁরা বলছেন, দাবি পূরণ ছাড়া তাঁরা আন্দোলন থেকে সরবেন না; বরং অর্থমন্ত্রীর বক্তব্য আন্দোলনকে আরও উসকে দেবে।

টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্য দূর করাসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডারের কর্মকর্তারা। নতুন বেতন স্কেলে চাকরির শুরুর পদে ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য অষ্টম গ্রেড ও নন-ক্যাডার কর্মকর্তাদের ক্ষেত্রে আগের মতোই নবম গ্রেড রাখা হয়েছে। নতুন বেতন স্কেলে ‘বৈষম্যের’ প্রতিবাদে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আন্দোলনে আছেন। স্বতন্ত্র বেতনকাঠামোর দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলও।

বেতন ‘বৈষম্যের’ প্রতিবাদে কয়েক দিন ধরে চলা আন্দোলনের মধ্যেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যে যা-ই বলুক, বেতনকাঠামো পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি শিক্ষক ও ব্যাংকারদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেছেন। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিকে অজ্ঞতাপ্রসূত এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বৈষম্যের অভিযোগকে ‘খামাখা’ বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রী কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে তাঁরা মনে করছেন। আমলাদের যড়যন্ত্রের জন্য সন্দেহ করা হচ্ছে, সেটার অংশ হতে পারেন অর্থমন্ত্রী। তা না হলে কেন তিনি বারবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপমান করে কথা বলবেন? তিনি কি চান দেশটি অশান্ত হোক? আসলে উনি নিজেই অজ্ঞতার মধ্যে আছেন। অর্থমন্ত্রী শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছেন, এখন বলছেন করবেন না। এভাবে চললে ওনাকে প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার কথা ভাববেন তাঁরা।

মাকসুদ কামাল বলেন, দাবি পূরণ ছাড়া কোনোভাবেই তাঁদের অবস্থান থেকে সরে আসবেন না; বরং অর্থমন্ত্রীর এই বক্তব্য আন্দোলনকে আরও উসকে দেবে। তিনি বলেন, শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দেবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পদমর্যাদা রক্ষার জন্য আন্দোলন করে আসছেন।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বাধীন একটি কমিটির অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গ্রেড-১ ও গ্রেড-২-এ যেতে পারবেন। গ্রেড-২ভুক্ত যত অধ্যাপক আছেন, গ্রেড-১ভুক্ত অধ্যাপকের সংখ্যা তার ২৫ শতাংশের বেশি হতে পারবে না। অথচ বর্তমানে মোট অধ্যাপকের মধ্য থেকে ২৫ শতাংশ গ্রেড-১-এ উন্নীত হন।
মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, নতুন সিদ্ধান্তে অধ্যাপকদের গ্রেড-১-এ যাওয়ার সুযোগ প্রায় অর্ধেক কমে যাবে। এটা তাঁরা মানবেন না।

প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক (প্রকৃচি) ও ২৬টি বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের নেতা ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আজও তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা এখন একটি নির্দিষ্ট সময় কর্মবিরতির কথা ভাবছেন।