মানুষ হত্যাকারী চালকদের ফাঁসি দেওয়ার আইন প্রণয়নের সুপারিশ-সম্পর্কিত অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সিলেট নগরে গত বুধবার এক শোকসভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সড়ক দুর্ঘটনায় যেসব চালক মানুষ হত্যা করবে, প্রয়োজনে সেসব চালককেও হত্যা মামলায় ফাঁসি দেওয়ার আইন প্রণয়ন করা প্রয়োজন। অতি সম্প্রতি ট্রাফিক আইন-সম্পর্কিত এক সভায় আমি এ ধরনের সুপারিশ করেছি। এ আইন করা যায় কি না, তা ভাবা হচ্ছে।’ মন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সভাপতি এম রফিক। লিখিত বক্তব্যে বলা হয়, গাড়িচালকদের দুর্ঘটনাজনিত কারণে ফাঁসি দেওয়ার আইন করার পক্ষে এ ধরনের মতামত দিয়ে মন্ত্রী অজ্ঞতার পরিচয় দিয়েছেন।শ্রমিকনেতারা দাবি করেন, সড়ক দুর্ঘটনার কারণ হলো ট্রাফিক আইন না জানা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে যত্রতত্র হাটবাজার বসানো, গতিরোধক না থাকা, বিআরটিএ কর্তৃক অযোগ্য যানবাহনকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া, টাকার বিনিময়ে অদক্ষ ব্যক্তিদের চালকের সনদপত্র প্রদান ইত্যাদি।