অর্থমন্ত্রীর বক্তব্যকে 'অযাচিত' বললেন স্বতন্ত্র সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘অযাচিত’ প্রতিক্রিয়া জানিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী। আজ বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন।

তবে বিধি অনুযায়ী পয়েন্ট অব অর্ডার না হওয়ায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কথা শেষ হওয়ার আগেই তাহজীব আলম সিদ্দিকীর মাইক বন্ধ করে দেন।
নতুন পে-স্কেল নয়, স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী ‘জ্ঞানের অভাবে’ আন্দোলন করছে। তাঁদের কর্মবিরতির কোনো যুক্তি নেই। তাঁরা জানেনই না যে নতুন বেতন কাঠামোতে তাঁদের জন্য কী আছে, কী নেই। এ বক্তব্য শিক্ষকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
শিক্ষকদের নিয়ে অসংলগ্ন বক্তব্যের কারণে ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বুধবার ফেডারেশনের এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলা হয়, অর্থমন্ত্রী বিভিন্ন সময় অযাচিত, বিরূপ ও হাস্যকর মন্তব্য করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। অতীতে তিনি স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিলেন এবং এখনো তাঁর স্বৈরাচারী মনোভাবের পরিবর্তন হয়নি বিধায় তিনি এ রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন।
আজ সংসদে তাহজীব আলম বলেন, ‘শিক্ষকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন। শিক্ষকদের জ্ঞানের অভাব রয়েছে বলে অর্থমন্ত্রী অযাচিতভাবে তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। শিক্ষকদের আসলেই জ্ঞানের অভাব রয়েছে। জ্ঞানের অভাব না হলে শিক্ষক না হয়ে তাঁরা আমলা হতেন। জ্ঞানের অভাবের কারণেই শাসকগোষ্ঠীর সঙ্গে হাত না মিলিয়ে শিক্ষার্থীদের নিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে শাণিত করেছেন।
এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এই স্বতন্ত্র সাংসদকে উদ্দেশ করে বলেন, ‘আপনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কাউকে আক্রমণাত্মক কথা বলতে পারেন না। এ বিষয়ে বলতে চাইলে নোটিশ দিতে পারেন।’
পরে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, শিক্ষকেরা যে দাবি করছেন, অর্থমন্ত্রীকে বলব, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এর সুরাহা করেন। এঁদের সঙ্গে কলেজ শিক্ষকেরা যোগ দিয়েছেন। তাই অবিলম্বে এই সমস্যার সুরাহা হওয়া দরকার।