অর্থমন্ত্রীর বাজেট-উত্তর ইফতারে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল অর্থমন্ত্রীর আয়োজনে বাজেট-পরবর্তী ইফতার অনুষ্ঠানে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল অর্থমন্ত্রীর আয়োজনে বাজেট-পরবর্তী ইফতার অনুষ্ঠানে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়োজিত বাজেট-উত্তর ইফতার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে গতকাল ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস উপলক্ষে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার অনুষ্ঠানে টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্থমন্ত্রী তাঁর সঙ্গে ছিলেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

>ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এ সময় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনিশ দূতের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত হানে ফুজাল এসকায়ের গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করে বলেন, অনেক ক্ষেত্রে এই দুটি দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সহযোগিতা বাড়ানো যায়। এ ছাড়া জাহাজ নির্মাণশিল্পেও আমরা ডেনিশদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।’
সারা দেশে নারী উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের নারীরা এখন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষা, খেলাধুলা এবং বিভিন্ন সৃজনশীল কাজে এগিয়ে যাচ্ছে।’ খেলাধুলার বিভিন্ন শাখায় নারীরা এখন ভালো করছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ফুজাল এসকায়ের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশে ডেনিশ অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুযোগ দেওয়ার জন্য ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।