অর্থমন্ত্রীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আরিফুল পক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে অবস্থান নিয়ে সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করছেন বলে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

নগরের জিন্দাবাজার এলাকার শ্যামলী কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরিফুল হকের সমর্থনে গঠিত সম্মিলিত নাগরিক ঐক্যজোটের সদস্যসচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম। তিনি বলেন, ‘সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব অস্ত্রবাজের ছবি পত্রপত্রিকায় প্রকাশিত ও চিহ্নিত হওয়া সত্ত্বেও সেই সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করেনি পুলিশ। ফলে সেই সব সন্ত্রাসী এখন সরকারদলীয় প্রার্থীর পৃষ্ঠপোষকতায় অন্তত ২০টি কেন্দ্র দখলের পরিকল্পনা করেছে।’ আরিফুল হক চৌধুরীর বিজয় নিশ্চিত জেনে সরকার ও সরকারদলীয় প্রার্থী অবৈধ অস্ত্রবাজদের দিয়ে কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন অভিযোগ করে আবুল কাহের বলেন, ‘তারা ভোট ডাকাতির চেষ্টা করছে। এ ছাড়া স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ (শুক্রবার) সিলেটে এসেছেন। তাঁর উপস্থিতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করছেন। এ ছাড়া আরও কয়েকজন মন্ত্রীও আড়ালে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।’ এসব অভিযোগ নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক ঐক্যজোটের আহ্বায়ক শিক্ষাবিদ আতাউর রহমান, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।