অর্থমন্ত্রীর বিরুদ্ধে বললেন জনতা ব্যাংকের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম স্থগিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন জনতা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান আবুল বারকাত।
রাজধানীর বাসাবোতে গতকাল সোমবার ‘জনতা ব্যাংক-বারডেম ইব্রাহিম নার্সিং কলেজ’ ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে আবুল বারকাত এমন মন্তব্য করেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান ও আবুল বারকাত গতকাল যৌথভাবে কলেজটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গতকাল শেষ দিন ছিল আবুল বারকাতের।
আবুল বারকাত বলেন, সুনামগঞ্জের হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতায় টাকা চেয়ে সুপারিশসহ জনতা ব্যাংকে চিঠি দিয়েছিলেন অর্থমন্ত্রী। টাকা না দেওয়ায় জনতাসহ চার ব্যাংকের সিএসআর কার্যক্রম স্থগিত করা হয়। মূলধন ও প্রভিশন ঘাটতির কথা বলে চার ব্যাংকের সিএসআর কার্যক্রম স্থগিত করা হয়। অথচ জনতা ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি নেই। এ ব্যাংকের সিএসআর স্থগিত করে অর্থমন্ত্রী বোকামি করেছেন, অন্যায় করেছেন এবং একধরনের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন।
আবুল বারকাতের এ বক্তব্যের ব্যাপারে গতকাল রাতে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়ে কথা বলার বিষয় জানালেও কোনো জবাব দেননি অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, নার্সিং কলেজ প্রতিষ্ঠায় সিএসআর তহবিল থেকে ১০ কোটি টাকা দেবে জনতা ব্যাংক। গত ২৮ আগস্ট জনতা ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারক সই হয়। ওই দিনই জনতাসহ চার ব্যাংকের সিএসআর কার্যক্রম স্থগিত করে অর্থ মন্ত্রণালয়।
সিএসআর কার্যক্রম স্থগিত করা হলেও নার্সিং কলেজ প্রতিষ্ঠার ১০ কোটি টাকা ছাড় করতে সমস্যা হবে না বলে জানান জনতা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমার মেয়াদ যেহেতু শেষ হয়েছে, মনে হয় এক সপ্তাহের মধ্যে এ স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।’
সিএসআর বন্ধে প্রথমে শুধু জনতা ব্যাংককে চিঠি দেওয়া হলেও পরে আরেক চিঠিতে অগ্রণী, রূপালী ও বিডিবিএলের নাম যুক্ত করা হয় বলে উল্লেখ করেন বারকাত। তিনি বলেন, সিএসআরের খরচ নিয়ে নানা কথা উঠলেও জনতা ব্যাংকের সিএসআরে একটি টাকাও দুর্নীতি হয়নি। একটি আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা গেলে বিশ্ববাজার থেকে বছরে ৮০০ কোটি ডলার আয় করা সম্ভব বলে জানান তিনি। তিনি বলেন, ‘নৌকাবাইচে টাকা চাওয়ার পাশাপাশি অনেকেই এ ধরনের (নার্সিং কলেজ) অনুষ্ঠানের ফিতা কাটতে চান। তবে আমি তাতে রাজি হইনি। এ কারণেও সিএসআর স্থগিত করা হতে পারে।’