অর্থমন্ত্রীর মন্তব্য পাগলা মেহের আলীর মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কবি রবীন্দ্রনাথের লেখা ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের চরিত্র পাগলা মেহের আলীর সঙ্গে তুলনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ।গতকাল শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘অর্থমন্ত্রীকে আমার কাছে রবীন্দ্রনাথের গল্পের পাগলা মেহের আলীর মতোই মনে হচ্ছে। ওই গল্পে মেহের আলী যা কিছু বলত, তা হলো “সব জুট হ্যায়”। এখন বিরোধী দল যে দাবিই উত্থাপন করে, সেটিকেই সব জুট হ্যায় বলেন অর্থমন্ত্রী।’জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালকে ‘উন্মাদের সিদ্ধান্ত’ বলে অর্থমন্ত্রী যে মন্তব্য করেন, এর প্রতিক্রিয়ায় রিজভী আহম্মেদ এ কথা করেন। তিনি বলেন, হল-মার্ক, ডেসটিনি, শেয়ারবাজারসহ নানা কেলেঙ্কারির ঘটনায় ব্যবস্থা নিতে চরমভাবে ব্যর্থ হয়ে অর্থমন্ত্রী দেশের সার্বিক অর্থনীতিকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছেন। এখন তিনি জনস্বার্থের হরতাল নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন। জনগণ এই পাগলা মেহের আলীর বক্তব্যে কর্ণপাত করবে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবদুস সালাম, মোহাম্মদ শাহজাহান, আসাদুজ্জামান, হাবিবুর রহমান প্রমুখ। এটা সব মানুষের হরতাল: গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে দলের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতাল প্রতিহত করা মানে জনগণকে প্রতিহত করা। কারণ, সব শ্রেণী-পেশার মানুষের দাবি এ হরতাল।মওদুদ অভিযোগ করেন, সরকারের চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনার কারণেই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। তিনি সরকারকে দুর্নীতি বন্ধ করার পরামর্শ দেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ দলের নেতাদের মুক্তির দাবিতে প্রজন্ম একাডেমি নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।মির্জা ফখরুলের বিরুদ্ধে আরও দুটি মামলা দেওয়ার সমালোচনা করে মওদুদ বলেন, গত চার বছরে সরকার হিংসার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।