অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন সমস্যার কথা বললেন সচিবেরা
আদালত অবমাননা আইন প্রণয়নের ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন সচিবেরা। দীর্ঘদিন ধরে আইনটি ঝুলে থাকার কথা উল্লেখ করে সচিবেরা জানান, আদালত অবমাননার বিষয়ে কোনো আইন না থাকায় তাঁদের কাজ করতে গিয়ে অনেক বাধা ও হয়রানির শিকার হতে হচ্ছে।গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রশাসনের ৪৮ জন সচিব বৈঠক করেন। দুই ঘণ্টার আন্তমন্ত্রণালয় বৈঠকে ১৫ জন সচিব আদালত অবমাননা আইন ছাড়াও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, রুলস অব বিজনেস, প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়নে বাধার কারণ, অর্থ বরাদ্দ, এডিপি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী সচিবদের কাজের গতি বাড়িয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে বলেন। তিনি সচিবদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।বৈঠকের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী প্রথম আলোকে জানান, সচিবেরা নানা সমস্যার কথা তুলে ধরেছেন। বিশেষ করে তাঁরা বিভিন্ন সময় অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ চাইলে তা সময়মতো পাওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন। সচিবেরা কাজ করতে গিয়ে যেসব অসুবিধার মধ্যে পড়েন, তা জানিয়েছেন। তিনি সচিবদের প্রকল্প দ্রুত বাস্তবায়নে যা যা করা দরকার, তা করার পরামর্শ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের যেসব নির্দেশনা দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় এ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী সচিবদের বলেন, এক মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়ের কাজের সমন্বয় থাকতে হবে। সচিবদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায়, নিজেদের মধ্যে সমন্বয় না থাকায় সচিবদের একজনের কাজে অন্যজন আপত্তি করেন। তাই সমন্বয় থাকাটা খুব জরুরি।বৈঠকের বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তসচিব, শিক্ষাসচিব, বন ও পরিবেশসচিব, খাদ্যসচিব, প্রাথমিক ও গণশিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের সমস্যা তুলে ধরেছি। কাজ করতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হই, তা অর্থমন্ত্রীর কাছে খোলামেলা বলেছি।’রুলস অব বিজনেস: অর্থমন্ত্রী সচিবদের বলেন, প্রশাসনে অনেকেই রুলস অব বিজনেস মেনে চলেন না। যাঁর যা ইচ্ছা, তা-ই করেন। এর ফলে কাজে ধীরগতি আসে। তিনি এ বিষয়ে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন। সচিবেরা বলেন, তাঁরা রুলস অব বিজনেস মেনে চলার চেষ্টা করেন। কিন্তু অনেক সময় অনেক বিষয় না জানার কারণে ভুলভ্রান্তি হয়।এডিপি ও প্রকল্প বাস্তবায়ন: বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের বিষয়ে অর্থমন্ত্রী সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বৈঠকে। এ সময় সচিবেরা বাজেট বাস্তবায়নে কী কী বাধার সম্মুখীন হন, তা তুলে ধরেন। অর্থমন্ত্রী এ বিষয়ে বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে বাজেট বাস্তবায়নের ওপর। এ সময় সচিবেরা বলেন, প্রকল্প বাস্তবায়ন করতে হলে অর্থ মন্ত্রণালয়কে সহযোগিতার মনোভাব দেখাতে হবে।অর্থ ছাড়: প্রায় সব সচিবই অর্থমন্ত্রীর কাছে অর্থ মন্ত্রণালয় থেকে ঠিকমতো বরাদ্দ না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, যেকোনো প্রকল্প বাস্তবায়নে প্রথমে প্রয়োজন অর্থ। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে তাঁরা অনেক সময় সহযোগিতা পান না। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি আটকে যায়। তাঁরা এ সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।জেলা বাজেট: কাজের স্বচ্ছতা ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা বাজেটের বিষয়টি তুলে ধরেন সচিবেরা। এ সময় অর্থমন্ত্রী আগামী বছর থেকে জেলা বাজেট শুরু করার কথা উল্লেখ করে বলেন, জেলার কোন খাতে কত টাকা প্রয়োজন, তা এ বাজেটে উল্লেখ থাকবে। জেলা পর্যায়ের সবাই এ বাজেট সম্পর্কে জানতে পারবেন।প্রশিক্ষণ: বাজেট বাস্তবায়নকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ, দক্ষতা, জ্ঞানের অভাব ও আন্তমন্ত্রণালয় পরামর্শের ওপর বৈঠকে জোর দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় প্রশিক্ষণ, দক্ষতা ও পরামর্শ সভা না হওয়ার কারণে সরকারের অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাঁদের দক্ষ হওয়া দরকার।অঙ্গীকার: বৈঠকে অর্থমন্ত্রী সচিবদের বলেন, ‘কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। ২৭ বছর আগে কর্মকর্তাদের মধ্যে যে আন্তরিকতা দেখেছি, তা এখন আর নেই। তবে এখন কর্মকর্তাদের মধ্যে অঙ্গীকার অনেক বেড়েছে। প্রকল্প বাস্তবায়নে সাফল্যের ৫০ শতাংশই কর্মকর্তাদের প্রতিশ্রুতি ও আন্তরিকতার ওপর নির্ভর করে।’ অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আইন ও বিধি-বিধানের অজুহাত দেওয়া বরদাশত করবেন না প্রধানমন্ত্রী। প্রয়োজনে যেখানে যে আইন বা বিধান বাধা হবে, তা সংশোধন ও পরিবর্তন করতে হবে।অডিট অপত্তি: অডিট আপত্তির কথা তুলে ধরে সচিবেরা বলেন, বিনা কারণে অডিট আপত্তি করা হয়। প্রায় সাড়ে তিন লাখ অডিট আপত্তি রয়েছে, যা সরকারের রূপকল্প বাস্তবায়নে বাধার সৃষ্টি করবে।