অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে তারাপুর চা-বাগান জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দখল করার ঘটনায় রাগীব আলীর বিচার ও ক্ষতিপূরণ আদায়ে এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন এলাকাবাসীর পক্ষে সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের তারাপুর মৌজার বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেটের বিমানবন্দর সড়কের চৌকিদেখি এলাকায় এ মানববন্ধন হয়।

এলাকাবাসী জানান, গতকাল দুই দিনের সফরে সিলেট অবস্থান করছেন অর্থমন্ত্রী। তাঁর দৃষ্টি আকর্ষণ করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এলাকার তারাপুর মৌজায় বসবাসকারী সহস্রাধিক মানুষ বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে একাত্ম হন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতারণার ফাঁদে পড়ে তারাপুর মৌজার কয়েক হাজার পরিবার চরম হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে মানবিকভাবে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া তাঁদের আর কোনো বিকল্প নেই। তারাপুর চা-বাগান নিয়ে জালিয়াতি ও প্রতারণা করায় রাগীব আলীর বিচার দাবি করেন তাঁরা। সেই সঙ্গে এলাকাবাসীর বসতবাড়ি হারানোর উপক্রমে যে আর্থিক ক্ষতি, সেই ক্ষতিপূরণ রাগীব আলীর কাছ থেকে আদায় করার দাবি জানানো হয়।

তারাপুর চা-বাগান থেকে সব স্থাপনা সরাতে জেলা প্রশাসনের সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে বাসাবাড়ির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি তুলে ধরে সমাবেশে বলা হয়, প্রতারণা ও জালিয়াতি একজনই করেছে। একজনের প্রতারণার মাশুল হাজার হাজার মানুষকে দিতে হবে কেন? যে মানুষগুলো দীর্ঘকাল ধরে সরকারি খাজনা, ট্যাক্স, ভ্যাট, গ্যাস, বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিল, সেই মানুষগুলো আজ তাদের পরিবার-পরিজন নিয়ে যাবে কোথায়?

৪২২ দশমিক ৯৬ একর জায়গার তারাপুর বাগান দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ রায় বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন রাগীব আলীর মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা ১৩ আগস্টের মধ্যে সরাতে দ্বিতীয় দফা গণবিজ্ঞপ্তি জারি করে। অন্যথায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।