অর্থমন্ত্রীর 'সোনালি দিনগুলি'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শৈশবকাল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবনের ২২টি বছর স্থান পেয়েছে তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সোনালি দিনগুলি’-তে। আজ শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে মুহিত বলেন, বইটিতে তাঁর ২২ বছরের জীবনী স্থান পেয়েছে। স্বল্প সময়ে বইটি সফলভাবে প্রকাশ করায় তিনি চন্দ্রাবতী একাডেমিকে ধন্যবাদ জানান। ইতিমধ্যে তিনি আরেকটি বইয়ের কাজও চালিয়ে যাচ্ছেন বলে জানান।
প্রকাশনা অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্টজনরা উপস্থিত থেকে অর্থমন্ত্রীর বইয়ের প্রশংসা করেন। তাঁরা বলেন, অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন অবস্থায় তিনি সময় বের করে বই লিখছেন। মন্ত্রণালয়ের দায়িত্বও সফলতার সঙ্গে পালন করছেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও হাজির থাকছেন। তাঁর এই পরিশ্রম ও সময় ব্যবস্থাপনায় মুগ্ধ অতিথিরা।
অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, অর্থমন্ত্রীর অনেক দায়িত্ব পালন করতে হয়। এ অবস্থায় সময় বের করে বই লেখা কঠিন কাজ। তিনি সেটিই করে দেখালেন।
অর্থনীতিবিদ ও পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এ পর্যন্ত অর্থমন্ত্রীর প্রকাশনা ও বই হিসাব করে দেখা গেছে, তিনি প্রায় ১০ হাজার পৃষ্ঠা লিখেছেন। অন্যান্য পেশাদার লেখকেরাও তাঁর কাছে হার মানবেন।
আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অর্থমন্ত্রী অত্যন্ত পরিশ্রমী। রাত দুইটায় ফোন করলেও তাঁকে পাওয়া যায়। মন্ত্রিসভায় তিনি প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় নোট নেন।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘নিজের মন্ত্রণালয়, তারপর এত সামাজিক কাজে যুক্ত থেকেও তিনি বই লিখেন। কোনো সভায় দাওয়াত করলে না নেই। এত কিছু পারেন কী করে? এখন প্রয়োজন মুহিত ভাইকে নিয়ে আমাদের লেখা।’
চিত্রশিল্পী হাশেম খান বলেন, এটি গতানুগতিক আত্মজীবনীমূলক বই নয়। এই বইয়ে ওই সময়ের রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থাসহ অনেক কিছুই স্থান পেয়েছে। দেশের সাহিত্যে এই বই উজ্জ্বল হয়ে থাকবে।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মুহিত ওই সময় থেকেই ডায়েরিতে লিখতেন এবং তা সংরক্ষণ করেছেন। আত্মজীবনী লেখার ক্ষেত্রে এটি কাজে লেগেছে।
এ সময় বক্তারা অর্থমন্ত্রীকে তার আত্মজীবনীর পরবর্তী খণ্ড লেখার অনুরোধ করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যে চারটি অধ্যায় লেখা শেষ করেছেন তিনি।
অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নাসির এ চৌধুরী, ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান, সিলেটের মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ ও চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।