অর্থলোভী স্বামী কুপিয়ে হত্যা করল গৃহবধূকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কামারগাঁওয়ে অর্থলোভী স্বামী দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন চার সন্তানের জননী গৃহবধূকে। মৌলভীবাজার সদর হাসপাতালে রাতে গৃহবধূর লাশ ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন।গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কামারগাঁওয়ে ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কামারগাঁও গ্রামে গেলে নিহত গৃহবধূর বসতঘরের মেঝেতে জমাটবাঁধা রক্ত ও হত্যার কাজে ব্যবহূত দা দেখা যায়। নিহত গৃহবধূর বড় মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী নাজমিন আক্তার (৯) জানায়, বৃহস্পতিবার রাতে খাবার শেষে তারা তিন বোন ও এক ভাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মায়ের আর্তনাদ শুনে সে জেগে দেখে, তার বাবা তোরাব আলী (৪৫) মা ইয়ারুন বেগমকে (৪৫) দা দিয়ে কোপাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তার মায়ের (গৃহবধূর) আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর তার বাবা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে সে (নাজমিন) পাশের ঘরের চাচিকে ডেকে আনার পর বাড়ির লোকজন দ্রুত গৃহবধূকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীকে না রাখায় রাতেই বাড়ির লোকজন মৃত অবস্থায় গৃহবধূ ইয়ারুনকে মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়। নিহত গৃহবধূর বড় মেয়ে নাজমিন আরও জানায়, তার বাবা-মার মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। নিহত গৃহবধূর বড় ভাশুর সুলতান আলী এ প্রতিনিধির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারি ক কোনো বিরোধ ছিল না। তাঁর ছোট ভাই তোরাব আলীর মস্তিষ্ক বিকৃত ছিল। তবে ঘাতক ভাই যে মস্তিষ্ক বিকৃত ছিল, এ বিষয়ে কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।নিহত গৃহবধূর ভাই ছোবহান মিয়া অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে বোনজামাই (তোরাব আলী) নিয়মিত টাকা-পয়সার জন্য তাগাদা দিতেন। কিছুদিন আগেও তোরাব আলীর ছোট ভাই ছোবহান মিয়া বিদেশ যাবে বলে তাঁদের কাছে (গৃহবধূর বাবার বাড়ি) টাকা চেয়েছিল। তখন তাঁরা টাকা দেননি। তা ছাড়া ঘটনার দিন বৃহস্পতিবার ইয়ারুন বেগমের স্বামী পাঁচ হাজার টাকা চাইলে তাঁর কাছে এক হাজার টাকা পাঠানো হয়। রাতে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে বোন (ইয়ারুন বেগম) এশার নামাজ পড়তে শুরু করলে অর্থলোভী স্বামী পরিকল্পিতভাবে গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। কমলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন পারিবারিক বিরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, এত নির্মমভাবে দা দিয়ে কোপানো হয়েছে যে তার বর্ণনা দেওয়া কষ্টকর। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম জানান, শুক্রবার দুপুর ১২টায় তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। তবে অভিযোগ এলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।