অর্থসংকট, ঠাকুরগাঁওয়ে ২১ সড়কের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর রংপুর-দিনাজপুর প্রকল্পের (জিআরডিপি) তহবিলসংকটের কারণে ঠিকাদারদের সড়ক নির্মাণকাজের বিল ছাড় করতে পারছে না ঠাকুরগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দীর্ঘদিন বিল না পেয়ে জেলার ২১টি সড়কের নির্মাণকাজ বন্ধ করে রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। এতে অনেক জায়গায় সড়কের ইটের খোয়া উঠে যাওয়ায় চলাচলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঠাকুরওগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহানুর বলেন, বৃহত্তর রংপুর-দিনাজপুর প্রকল্পের তহবিলসংকটের কারণে সড়ক নির্মাণের কাজ কিছুটা ধীর গতিতে চলছে, এটা সত্য। জেলায় প্রকল্পের ৩৩টির মধ্যে ১২টি সড়কের কাজ শেষ হয়েছে। বাকি সড়কগুলোর কাজ গড়ে ৬০ থেকে ৭০ শতাংশ সমাপ্ত হয়েছে। চলতি বছরের মধ্যে প্রকল্পের তহবিলসংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।
এলজিইডি সূত্র জানায়, বৃহত্তর রংপুর-দিনাজপুর প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৩৩টি সড়ক নির্মাণের জন্য এলজিইডি ২০১১ সাল থেকে বিভিন্ন সময়ে দরপত্র আহ্বান করে। কার্যাদেশ অনুযায়ী এক বছরের মধ্যে এসব সড়কের নির্মাণকাজ শেষ করার কথা। কিন্তু ২১টি সড়কের সংশ্লিষ্ট ঠিকাদারেরা কার্যাদেশ পাওয়ার পর সড়কগুলোতে ইটের খোয়া ও বালু ফেলে সেগুলো রোলার দিয়ে সমান (ডব্লিউভিএম) করার পর কাজ বন্ধ রেখেছেন।
গত সোমবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীরহাট, পাহাড়ভাঙ্গা, হরিহরপুর ও মহেশপুর, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী-দৌগাছি এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কে ইটের খোয়া ও বালুর কাজ শেষ করে ফেলে রাখা হয়েছে। কার্পেটিং ছাড়া দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় সড়কের বিভিন্ন জায়গায় খোয়া উঠে ও সড়কের পাশে ভাঙনে গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্ত ও উঠে যাওয়া ইটের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের ব্যবসায়ী নাদের আলী বলেন, ‘গ্রামের ওপর দিয়া পাকা রাস্তা হইবে দেখিয়া খুশি হইছিনু। কিন্তু কয়দিন বাদে কিছু কাজ করে কন্ট্রাকটার কাজ ফেলাইয়া পালাইয়া গেইল। এলা হামাক বিপদে ফেলাইছে।’
লাহিড়ী-দৌগাছি সড়কের ঠিকাদার আফসার আলী বলেন, ‘এলজিইডি বৃহত্তর রংপুর-দিনাজপুর প্রকল্পের তহবিল না পেয়েই সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করে। ফলে চলতি বিল জমা দিয়েও আমরা বিল পাচ্ছি না। দুটি সড়কের কাজের চলতি বিল বাবদ জমা দেওয়া ৬১ লাখ টাকার বিপরীতে মাত্র ১২ লাখ টাকা ছাড় করাতে সক্ষম হয়েছি। এ কারণে কাজ বন্ধ রয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ঠিকাদার বলেন, ‘প্রকল্পের তহবিল না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা সম্ভব নয়।’