অর্থসংকটে খুঁড়িয়ে চলছে গণগ্রন্থাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার গণগ্রন্থাগারে পত্রিকা পড়ছেন কয়েকজন পাঠক। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজার গণগ্রন্থাগারে পত্রিকা পড়ছেন কয়েকজন পাঠক। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দেশের পুরোনো পাঠাগারগুলোর মধ্যে অন্যতম মৌলভীবাজার গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি)। শিক্ষার আলো ছড়িয়ে দিতে ষাটের দশকে চালু হওয়া প্রতিষ্ঠানটি এখন অর্থসংকটে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। টাকার অভাবে নতুন বই কেনা যাচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতাও নিয়মিত পাচ্ছেন না। প্রায় দুই লাখ টাকা বিদ্যুতের বিল বাকি। বাকি থাকে পত্রিকার বিলও।

গণগ্রন্থাগার সূত্রে জানা গেছে, ১৯৫৬ সালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা লাভ করে। জেলা পরিষদ আঙিনায় গোল পুকুরের পশ্চিম দিকে টিনের চারচালা বাংলোর মতো ঘরে এর কার্যক্রম শুরু হয়। প্রতি বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত গ্রন্থাগারটি সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত থাকে।

তবে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে গ্রন্থাগারটি দুই দফা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমবার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। এ সময় হারিয়ে যায় অনেক দুর্লভ বই। আর ১৯৮৪ সালে ভয়াবহ বন্যায় প্রায় আট ফুট পানির নিচে তলিয়ে গেলে এর ছয় হাজার বই নষ্ট হয়ে যায়।

 ২০১০ সালে টিনের ঘরের জায়গায় গ্রন্থাগারের জন্য ৬৮ লাখ টাকা ব্যয়ে একতলা ভবন নির্মাণ করা হয়েছে। ভবন উঠলেও বাড়ছে না পাঠকের চাহিদামতো নতুন বই। বর্তমানে গ্রন্থাগারটিতে ১৬ ধরনের ১০ হাজার ৩১৭টি বই আছে। প্রতিবছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে ৫০ থেকে ৬০টি বই কেনা যায়। অর্থসংকটে এর বাইরে নিজেদের পছন্দ ও পাঠকের চাহিদা অনুযায়ী নতুন বই কেনা সম্ভব হচ্ছে না। লাইব্রেরির সাধারণ সদস্য ২২, আজীবন সদস্য ৩২৫ ও ছাত্র সদস্য ৮১। এখানে দৈনিক পত্রিকা রাখা হয় ছয়টি। গ্রন্থাগারটি পরিচালনার জন্য একজন গ্রন্থাগারিক, একজন সহকারী গ্রন্থাগারিক, একজন পিয়ন ও একজন ঝাড়ুদার আছেন। এই চারজনের মাসিক বেতন-ভাতা আসে ৮ হাজার ৫০০ টাকা। কিন্তু এই বেতন-ভাতা তাঁরা নিয়মিত পান না। সদস্যদের টাকা ও বিভিন্ন জায়গা থেকে পাওয়া অনুদান দিয়ে এই গ্রন্থাগারের খরচ চালানো হয়।

গ্রন্থাগারিক শোভাময় রায় বলেন, ‘যা অর্থ মেলে, তা অতিথি আপ্যায়নেই শেষ হয়ে যায়। আগে পৌরসভাসহ বিভিন্ন খাত থেকে থোক কিছু বরাদ্দ মিলত। অনেক বছর সেগুলোও বন্ধ। অনেক সময় নিজের পকেট থেকে অন্যদের বেতন-ভাতা দিই। এক বছরের পত্রিকা বিল বাকি। বিদ্যুৎ বিল ১ লাখ ৮৩ হাজার টাকা বকেয়া পড়েছে।’

গ্রন্থাগারটির নিয়মিত পাঠক নিপুল চন্দ্র দাস বলেন, মাঝে মাঝে পত্রিকা কমে যায়। এটা অর্থসংকটে হয়ে থাকে।

গণগ্রন্থাগারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, লাইব্রেরির অবস্থা খুবই খারাপ। ভবনের দ্বিতীয় তলা না হওয়ায় লাইব্রেরির কার্যক্রম সম্প্রসারণ করা যাচ্ছে না।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও গ্রন্থাগারের পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল ইসলাম বলেন, ‘আর্থিক সংকটের বিষয়টি মাথায় আছে। ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। আরও বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে লেখা হয়েছে। বরাদ্দের জন্য আরও লেখা হবে।’