অর্থসংকটে চট্টগ্রাম সিটি করপোরেশন

অর্থসংকটে পড়ায় কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নেওয়া ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) প্রায় ২০ কোটি টাকা খরচ করে ফেলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সমপরিমাণ অর্থ করপোরেশনের পক্ষ থেকে এই তহবিলে জমা হওয়ার কথা থাকলেও তা হয়নি।
এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মীদের আনুতোষিকের (গ্র্যাচুইটি) ১৮ কোটি টাকাও দিতে পারছে না করপোরেশন। ঠিকাদারদের প্রায় ৮৮ কোটি টাকার বিল বাকি পড়েছে।
মেয়র মোহাম্মদ মন্জুর আলম বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন আয়-ব্যয়ে সামঞ্জস্য রাখতে পারছে না। বছরে আয়ের চেয়ে ৫০ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে। তবে সংকট থাকলেও এখন পর্যন্ত প্রায় সাত হাজার জনবলের সবাই বেতন-ভাতা পাচ্ছেন।
প্রথম আলোর অনুসন্ধানে করপোরেশনের আর্থিক ভিত্তি নড়বড়ে হয়ে যাওয়ার তিনটি কারণ পাওয়া গেছে৷ এগুলো হচ্ছে, প্রশাসনিক অদক্ষতা, রাজস্ব আদায়ে ব্যর্থতা এবং মেয়র বিরোধী দল-সমর্থক হওয়ায় সরকারের অসহযোগিতা৷
ভবিষ্য তহবিলের ভবিষ্যৎ অন্ধকার: ভবিষ্য তহবিলের প্রায় ২০ কোটি টাকা খরচ করা ছাড়াও এই তহবিলে আগের জমা আড়াই কোটি টাকার একটি স্থায়ী আমানত এবং অন্য আমানতের সাড়ে তিন কোটি টাকার লভ্যাংশ তুলে নিয়েছে করপোরেশন৷ শ্রমিক-কর্মচারী নেতারা বলছেন, ভবিষ্য তহবিল বাবদ প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকা বেতন থেকে কর্তন করা হয়। এটা তহবিলে জমা না রেখে বিভিন্ন খাতে খরচ করা হচ্ছে।
তবে মেয়র বলেছেন, এটা ঠিক নয়। কখনো কখনো ব্যতিক্রম হলেও পরে তা ঠিক করা হচ্ছে। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার সময় বিভিন্ন খাতে ১৫০ কোটি টাকা বকেয়া ছিল। তিনি ১৩০ কোটি টাকা শোধ করেছেন।
অনুসন্ধানে দেখা গেছে, বর্তমান মেয়রের সময় ভবিষ্য তহবিল বাবদ কেটে নেওয়া ১৫ কোটি টাকা এখন পর্যন্ত জমা হয়নি। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময়েও পাঁচ কোটি টাকা তহবিলে জমা হয়নি।
গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্তরা: অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটিও ঠিকমতো দিতে পারছে না করপোরেশন। অবসরপ্রাপ্তরা প্রায় ১৮ কোটি টাকা পাবেন করপোরেশনের কাছে।
সম্প্রতি হিসাব বিভাগে গ্র্যাচুইটির টাকা নিতে আসা একজন সাবেক কর্মী বলেন, প্রায় ৩৮ বছর চাকরি করে অবসর নিয়েছেন। অথচ পাঁচ বছর ধরে গ্র্যাচুইটির টাকার জন্য ঘুরছেন। কবে টাকা পাবেন তিনি জানেন না।
চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী লীগের সিটি করপোরেশন শাখার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, অবসরে গিয়ে ওষুধ ও পথ্যের অভাবে প্রবীণ কর্মীরা কষ্ট পাচ্ছেন। এই টাকা পরে পেলে তাঁদের কোনো লাভ হবে না।
এ প্রসঙ্গে মেয়র বলেছেন, দায়িত্ব নেওয়ার সময় গ্র্যাচুইটি বাবদ বকেয়া ছিল সাড়ে ১২ কোটি টাকা। পাঁচ বছরে তিনি এই টাকা দেওয়ার আশ্বাস দেন এবং তা দেওয়া শুরু করেন।
উন্নয়নকাজের বিলও আটকা: সিটি করপোরেশনের কাছে ঠিকাদারদের পাওনা প্রায় ৮৮ কোটি টাকা। একাধিক ঠিকাদারের সঙ্গে কথা বলা হলেও বিল আটকে যাওয়ার ভয়ে তাঁরা নাম প্রকাশ করতে বা বক্তব্য দিতে চাননি। তবে তাঁরা বলেছেন, তহবিল না থাকায় পাওনা ছাড় করাতে সংশ্লিষ্টদের কমিশন দিতে হচ্ছে। তবে তাঁরা এও বলছেন, বর্তমান মেয়রের সময়ে দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে। কিন্তু কাজ শেষ করার পর বিল পাওয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেকেই দরপত্রে অংশ নিতে আগ্রহ হারাচ্ছেন।
এ প্রসঙ্গে মেয়র বলেন, ঠিকাদারদের বিল চলমান প্রক্রিয়া। অর্থসংকট থাকতে পারে, দেরি হতে পারে। তবে সবাই তাঁদের প্রাপ্য বুঝে পাবেন।
গৃহকর ধার্যে ঘাপলা ও আদায়ে ধীরগতি: সিটি করপোরেশনের প্রধান আয়ের উৎস গৃহকর হলেও তা নির্ধারণ ও আদায় নিয়ে চলছে ঢিলেঢালা অবস্থা।
নগরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সিটি করপোরেশনের গৃহকর পাওনা রয়েছে ৩০০ কোটি ৫৩ লাখ টাকা। গত এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে ৭৩ কোটি ৭৯ লাখ টাকা, আদায়ের হার প্রায় ২৪ শতাংশ। কর আদায় ঠিকমতো না হওয়ায় কয়েক দফা অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র।
সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে গৃহকর নির্ধারণ হয়েছে বছরে ৬৪ কোটি টাকা। প্রায় এক লাখ ৪৭ হাজার হোল্ডিংয়ের মূল্য ৪০০ কোটি টাকা ধার্য করে এই কর নির্ধািরত হয়েছে। মেয়র মনে করছেন, এই মূল্যায়ন প্রক্রিয়া যথাযথ হয়নি।
রাজস্ব শাখার একাধিক কর্মকর্তা বলছেন, সাবেক ও বর্তমান মেয়র প্রকৃত অবস্থা বুঝতে পারলেও ভোটের রাজনীতির কারণে গৃহকর বাড়ানো সম্ভব হয় না। তা ছাড়া বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও কর আদায় করতে করপোরেশন হিমশিম খাচ্ছে। রেলওয়ে, রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম স্টিল মিলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে।
সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে রাজস্ব আয় ছিল ১৩৭ কোটি টাকা, এটা পর্যায়ক্রমে বেড়ে ২০১২-১৩ অর্থবছরে হয়েছে ২৯২ কোটি টাকা। কিন্তু আয় বাড়লেও খরচ বেড়ে যাওয়ায় অর্থসংকটে পড়ছে করপোরেশন৷