অর্থসংকটে নির্মাণে ধীরগতি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থের অভাবে ধীরগতিতে চলছে চট্টগ্রাম নগরের কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ৷ এর ফলে প্রতিদিন যানজটের শিকার হচ্ছেন নগরবাসী৷ ছবিিট নগরের বিআরটিসি এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
অর্থের অভাবে ধীরগতিতে চলছে চট্টগ্রাম নগরের কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ৷ এর ফলে প্রতিদিন যানজটের শিকার হচ্ছেন নগরবাসী৷ ছবিিট নগরের বিআরটিসি এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

অর্থসংকটের কারণে ধীরগতিতে চলছে চট্টগ্রামের কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানো হলেও কাজ হয়েছে অর্ধেক।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের পুরাতন রেলস্টেশন থেকে ধনিয়ালা পাড়া পর্যন্ত এ উড়ালসড়ক নির্মাণ করছে। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়কের ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি টাকা। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৫১ কোটি টাকা এবং সিডিএর সাত কোটি টাকা দেওয়ার কথা। তবে মন্ত্রণালয় গত তিন অর্থবছরে বরাদ্দ দিয়েছে মাত্র ২৫ কোটি টাকা।
জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, প্রকল্পের বাকি অর্থ আগামী অর্থবছরে ছাড় দেওয়া হবে। কাজও দ্রুত শেষ করা হবে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রধান মোল্লা আনিসুজ্জামান বলেন, ‘এই প্রকল্পের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় পুরো টাকা দিতে পারছে না। আশা করি, আগামী অর্থবছরে পুরো টাকা পেয়ে যাব।’
নির্মাণাধীন এ উড়ালসড়কের আশপাশে দেশের অন্যতম বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম রেলস্টেশন ও কদমতলী আন্তজেলা বাস টার্মিনাল অবস্থিত। গুরুত্বপূর্ণ এ সড়কের সঙ্গে যুক্ত আছে আরও ছয়টি সড়ক। নির্মাণকাজে ধীরগতির কারণে বিপাকে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, উড়ালসড়কের ওঠা-নামার পথ দুটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। অল্প কয়েকজন শ্রমিক এর নির্মাণকাজে ব্যস্ত সময় পার করছেন। উড়ালসড়কের কদমতলী বাস টার্মিনাল অংশে গার্ডার তৈরির কাজ চলছে। ৭২টি গার্ডারের মধ্যে স্থাপন করা হয়েছে মাত্র ৩৮টি।
নির্মাণাধীন উড়ালসড়কের কারণে এসব এলাকায় সারাক্ষণ যানজট লেগে থাকে। নিচের রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। মোহাম্মদ অলি নামের এক রিকশাচালক বলেন, এখানে রাতেও যানজট হয়। চার-পাঁচ মিনিটের পথ যেতে আধা ঘণ্টাও লাগে। গর্তগুলোর কারণে গাড়ি চালাতে বেশি কষ্ট হয়।
এই অবস্থায় প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। যা গত বছরের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়। সিডিএ সূত্রে জানা গেছে, ২০১১ সালের অক্টোবরে এ উড়ালসড়কের নকশা চূড়ান্ত করা হয়। ঠিকাদার নিয়োগ দিতে তিন দফা দরপত্র আহ্বান করতে হয়। তৃতীয় দফায় ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে চলে যায় প্রায় আট মাস। ২০১২ সালের জুলাইয়ে নির্মাণকাজ শুরু হয়।
সিডিএ সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ২০১১-১২ অর্থবছরে এ প্রকল্পের জন্য বরাদ্দ দেয় পাঁচ কোটি টাকা। এর মধ্যে কাজ করতে না পারায় দুই কোটি টাকা ফেরত দিতে হয়। পরের অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় চার কোটি টাকা। সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন জানান, ২০১৩-১৪ অর্থবছরে ৪০ কোটি টাকা চাহিদার বিপরীতে ছাড় দেওয়া হয় সাড়ে ১৮ কোটি টাকা। এখন এই টাকায় কাজ করতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী হারুণ অর রশীদ বলেন, ‘বিলের টাকা পেতে সমস্যা হয় বলে পুরোদমে কাজ করা সম্ভব হচ্ছে না।’