বরাদ্দ না থাকায় নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা ও কুন্দইল কাটা নদীতে স্বেচ্ছাশ্রমে মাটির বাঁধ নির্মাণের কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। বাঁধ দুটির নির্মাণকাজ সম্পন্ন না হলে শুকনো মৌসুমে বোরো আবাদে সেচ বিপর্যয় দেখা দিতে পারে।
এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্রাই নদীতে রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন হলেও চলনবিলের ভেতর দিয়ে প্রবাহিত কাটা নদীর সংস্কার করা হয়নি। এখানে পানি ধরে রাখার স্থায়ী বাঁধও নেই। ফলে গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়নসহ পাশের তাড়াশ ও সিংড়া উপজেলা এলাকার প্রায় ১৫ হাজার একর জমির সেচ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকেরা।
কৃষকেরা বলছেন, গুরুদাসপুরের বিলশা ও তাড়াশের কুন্দইল নামক স্থানে কাটা নদীতে স্থায়ীভাবে দুটি ছোট রাবার ড্যাম নির্মাণ করা হলে কৃষকদের আর দুর্ভোগ থাকবে না।
রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন বলেন, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর পয়েন্টে রাবার ড্যামটি চালু হওয়ায় হরদমা থেকে নওগাঁর আত্রাই পর্যন্ত এলাকায় শুকনা মৌসুমে নিরবচ্ছিন্নভাবে বোরো চাষে সেচের পানি পাওয়া যাচ্ছে। তবে চলনবিলের বিলসা ও কুন্দইল পয়েন্টে স্থায়ী বাঁধ না থাকায় পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। এলাকার কৃষকেরা শুকনা মৌসুমে বোরোর সেচ অব্যাহত রাখতে চাঁদা তুলে ওই দুই পয়েন্টে প্রতিবছর স্বেচ্ছাশ্রমে মাটির বাঁধ নির্মাণ করছেন। ওই বাঁধ নির্মাণের জন্য প্রতিবারই আড়াই লাখ থেকে তিন লাখ টাকার দরকার হয়। কিন্তু সরকারিভাবে অনুদান পাওয়া যায় না।
রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান বলেন, রাবার ড্যাম থেকে আত্রাই পর্যন্ত বিস্তীর্ণ এলাকার কৃষক রাবার ড্যামসহ ওই বাঁধের পানির সুবিধা ভোগ করলেও তাঁরা বাঁধ নির্মাণের জন্য জলকর (চাঁদা) পরিশোধ করেন না। শুধু বিলশা, রুহাই ও পিপলা এলাকার কিছু কৃষক মাটির বাঁধ নির্মাণের জন্য জলকর বাবদ চাঁদার টাকা পরিশোধ করে থাকেন। ফলে প্রতিবছরই রাবার বাঁধ পরিচালনা কমিটিকে ৩০ থেকে ৫০ হাজার টাকা করে বাড়তি টাকা পরিশোধ করতে হয়। এতে কমিটি ঋণগ্রস্ত হয়ে পড়ছে।
সাজেদুর রহমান আরও বলেন, এ বছর সরকারিভাবে অনুদান পাওয়া না গেলে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে চলনবিলের গুরুদাসপুর, তাড়াশ ও সিংড়া উপজেলা অংশের প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে শুকনা মৌসুমে সেচ বিপর্যয় দেখা দিতে পারে। রাবার ড্যাম পরিচালনা কমিটির পক্ষ থেকে সরকারি অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, জেলা প্রশাসক ও এলজিইডিসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দেওয়া হয়েছে।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের সুপারিশ করা একটি আবেদনপত্র তিনি পেয়েছেন। তবে তাঁর দপ্তর থেকে অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব নয়।