অর্থসংকটে সড়কের কাজ বন্ধ, দুর্ভোগ
অর্থ বরাদ্দ না থাকায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাত ইউনিয়নে দুটি প্রকল্পের অধীনে প্রায় ২০ কিলোমিটার এবং বগুড়ার শেরপুর পৌর শহরের একটি সড়ক পাকাকরণের কাজ বন্ধ হয়ে গেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পার্বতীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত তিন অর্থবছরে উপজেলার সাত ইউনিয়নে মোট ১০ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ২৪ দশমিক ৩৮৪ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের কাজ হাতে নেয় এলজিইডি। এর মধ্যে সমন্বিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ছয় কোটি ৯১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ১৫ দশমিক ৯৬৪ কিলোমিটার এবং বৃহত্তর রংপুর-দিনাজপুর সমন্বিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিন কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৩১ টাকা ব্যয়ে ৪ দশমিক ৩২০ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ১৫ জন ঠিকাদার নিয়োগ করা হয়।দরপত্র অনুযায়ী, ২০১১ সালের ৫ মে থেকে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এ সময়ের মধ্যে শুধু রামপুর ইউনিয়নে ৩ দশমিক ১৮১ কিলোমিটার, মন্মথপুর ইউনিয়নে ১ দশমিক ৫ কিলোমিটার এবং চণ্ডীপুর ইউনিয়নে দশমিক ৮৫০ কিলোমিটারসহ মাত্র ৫ দশমিক শূন্য ৩৬ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শেষ করা সম্ভব হয়েছে। এ সময় বাকি ১৯ দশমিক ৩৪৮ কিলোমিটার সড়কের ২০ থেকে ৫০ ভাগ কাজও শেষ হয়নি। কয়েকজন ঠিকাদার জানান, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও যথাসময়ে টাকা না পাওয়ায় তাঁরা নির্ধারিত সময়ে সড়ক পাকাকরণের কাজ শেষ করতে পারেননি। উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম বলেন, তহবিল পেলে এসব সড়কের কাজ শেষ করা হবে। শেরপুর পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত ২০১১-১২ অর্থবছরের পৌরসভার দাঁড়কিপাড়া মহল্লায় ২৪০ মিটার সড়ক পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় মেসার্স তুসী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ১ অক্টোবর কার্যাদেশ দেওয়া হয়। একই বছরের ১ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল।স্থানীয় লোকজন জানান, তিন মাস আগে ঠিকাদার সড়কটির কাজ ফেলে রেখে চলে যান। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সঞ্জীব কুণ্ডু জানান, কাজ চলাকালীন বিল দেওয়ার নিয়ম আছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও তিনি কোনো টাকা পাননি। শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু জানান, প্রকল্পের বিপরীতে সংশ্লিষ্ট অধিদপ্তরে বিল ছাড় করার জন্য তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন। বিল ছাড় হলেই দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা দিয়ে কাজ শুরু করা হবে।