অর্থসংকটে ১৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণ
ফরিদপুর শহরের বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু হয় ১৯৯৮ সালে। অর্থসংকটের কারণে আজও এ সড়কের নির্মাণকাজ শেষ হয়নি। এতে শহরের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের ভেতর দিয়ে গেছে ঢাকা-বরিশাল মহাসড়ক। এটি মুন্সিবাজার থেকে শুরু হয়ে পুরোনো বাসস্ট্যান্ড, ভাঙ্গার রাস্তার মোড়, নতুন বাসস্ট্যান্ড হয়ে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত বিস্তৃত।এ অংশে ফরিদপুর মেডিকেল কলেজ, সারদা সুন্দরী স্কুল, পানি উন্নয়ন বোর্ড, সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, দুটি বাজার ও বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক অবস্থিত। এ অংশে যানজট এবং প্রায়ই দুর্ঘটনা ঘটতে থাকায় শহরবাসী একটি বাইপাস সড়কের জন্য অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিল।শহরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ‘বৃহত্তর ফরিদপুর জেলার ৫টি সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক গুচ্ছ প্রকল্পের আওতায় ‘ফরিদপুর শহর বাইপাস (গোয়ালচামট-মুন্সিবাজার) সড়কটির নির্মাণকাজ ১৯৯৮ সালে শুরু হয়। এর দৈর্ঘ্য ৫ দশমিক ৪৯ কিলোমিটার। সড়কটি শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে মুন্সিবাজার এলাকা পর্যন্ত বিস্তৃত।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে সড়কটি করার জন্য প্রথমে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়। ওই সময় জমি অধিগ্রহণ, মাটির কাজ, তিনটি কালভার্ট নির্মাণ ও রাস্তায় ইট বিছাতে ১৪ কোটি টাকা ব্যয় হয়ে যায়। তখন থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্থিকসংকটের কারণে থেমে থেমে কাজ হয়।২০০৮ সালের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকার এ রাস্তার কাজ বন্ধ করে দেয়। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর সওজের ফরিদপুর কার্যালয় থেকে আবেদন করা হয়। পরে ওই সড়কের অসমাপ্ত কাজ শেষ করার জন্য ‘জেলা সড়ক উন্নয়ন (বরিশাল জোন)’ শীর্ষক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ করা হয়। ২০০৯ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০১১ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার কথা।সওজ ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুন মাস পর্যন্ত এ সড়কের ৫৮ দশমিক ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। সওজের কাছে ঠিকাদারদের বকেয়া বিলের পরিমাণ রয়েছে এক কোটি ১৯ লাখ পাঁচ হাজার টাকা। ঠিকাদারেরা কাজ করছেন, কিন্তু টাকার অভাবে তাঁদের বিল পরিশোধ করা যাচ্ছে না। এখনও সড়কের দুই পাশের কাজ বাকি আছে।সওজের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ‘এ কাজের জন্য এ পর্যন্ত মাত্র সাত কোটি টাকা পেয়েছি। বর্তমান অর্থবছরে বরাদ্দ পেয়েছি মাত্র ৭৫ লাখ টাকা। ফলে ঠিকমতো কাজ চালিয়ে নিতে সমস্যা হচ্ছে।’