অর্থসংকটে ৬২ দপ্তরির বেতন বন্ধ চার মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থসংকটে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৬২ জন দপ্তরি কাম-প্রহরী চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের নভেম্বরে ৩৩টি ও ২০১৪ সালের এপ্রিলে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম-প্রহরী নিয়োগ করা হয়। পরে একজন অন্যত্র চাকরি নিয়ে চলে যান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী কাউছার আহম্মেদ জানান, ২০১৪ সালের ২১ জুলাই নিয়োগপ্রাপ্ত দপ্তরিদের বেতনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৫৩ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা বরাদ্দ পাওয়া যায়। ওই টাকা দিয়ে এ বছরের জানুয়ারি পর্যন্ত তাঁদের বেতন পরিশোধ করা হয়। বর্তমানে তহবিলে মাত্র এক লাখ টাকা আছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত তাঁদের বেতনের জন্য ৩৫ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়ার জন্য গত ১৪ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তারা এ ব্যাপারে এখনো কিছু জানায়নি।
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি মাসুদ মৃধা বলেন, ‘৭ হাজার ২০০ টাকা মূল বেতন ও ১ হাজার ৫০০ টাকা মহার্ঘ ভাতাসহ মাসিক ৮ হাজার ৭০০ টাকা পাই। ফেব্রুয়ারি থেকে বেতন বন্ধ হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে খুবই বিপদে আছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ১০ জন দপ্তরি বলেন, ‘সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যালয়ে থাকি। এ সময় অন্য কোথাও কাজের সুযোগ নেই। ধারদেনা করে সংসার চালাই। কবে বেতন পাব জানি না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুল আউয়াল প্রথম আলোকে জানান, অর্থসংকটে দপ্তরিদের বেতন হচ্ছে না। ইতিমধ্যে বরাদ্দ চেয়ে তিনবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলে বেতন দেওয়া হবে।