অর্থাভাবে আটকে আছে উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থাভাবে আটকে আছে ঢাকার ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া ও কাওয়ালিপাড়া-বালিয়া সড়ক দুটির উন্নয়নকাজ। দরপত্র-প্রক্রিয়া শেষে ঠিকাদার আংশিক কাজ করে বিল না পেয়ে কাজ বন্ধ রেখেছেন।এদিকে দীর্ঘদিন উন্নয়নকাজ না হওয়ায় সড়কটির কার্পেটিং উঠে খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর থেকে সাটুরিয়া পর্যন্ত ১৮ কিলোমিটার এবং কাওয়ালিপাড়া থেকে বালিয়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কের উন্নয়নকাজের জন্য গত বছর দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে কাজ পায় মেসার্স পদ্মা অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান। সওজ সূত্র জানায়, কালামপুর-সাটুরিয়া ১৮ কিলোমিটার সড়কে ১৮ ফুট প্রশস্ত করে দেড় ইঞ্চি পুরত্বের কার্পেটিং ও সিলকোট করা আর কাওয়ালিপাড়া-বালিয়া সড়কের তিন কিলোমিটার অংশে শুধু সিলকোট করার জন্য ছয় কোটি ৬০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। চলতি বছরের প্রথম দিকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নকাজ শুরু করে। কিন্তু ৩০ শতাংশ কাজ শেষ করার পর বিল না পেয়ে তারা কাজ বন্ধ করে দেয়। ফলে সড়কের অবস্থা আগের মতোই রয়ে গেছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, কালামপুর-সাটুরিয়া সড়কের সাটুরিয়া থেকে কাওয়ালিপাড়া, মধুডাঙ্গা থেকে বাটুলিয়া সেতু এবং কালামপুর বাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক পর্যন্ত এলাকা যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এসব খানাখন্দে বৃষ্টির পানি জমে যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বাকি অংশের কোথাও সড়কের অর্ধেক আবার কোথাও পুরোটা কার্পেটিং করা হয়েছে। কাওয়ালিপাড়া-বালিয়া সড়কেরও অধিকাংশ এলাকা ভাঙাচোরাই রয়ে গেছে। পরিদর্শনকালে বাটুলিয়া, কালামপুর, বাসনা, মহিশাষি ও বালিয়া এলাকায় তিনটি ট্রাক, দুটি হিউম্যান হলার, একটি বাস ও চারটি ভটভটি বিকল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, কালামপুর-সাটুরিয়া সড়কে ধামরাইয়ের বিভিন্ন এলাকাসহ মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ও গোপালপুরসহ টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া পর্যন্ত প্রতিদিন অন্তত আড়াই শ বাস চলাচল করে। এ ছাড়া হিউম্যান হলার, ম্যাক্সি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের আরও ৪০০ যানবাহন চলাচল করে। সব মিলিয়ে প্রতিদিন ১৬ হাজারের মতো যাত্রী চলাচল করে। যানবাহন শ্রমিকেরা জানান, যানবাহন বেশি, সড়কের প্রশস্ততা কম। এর ওপর সড়কটির জরাজীর্ণ অবস্থা। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিকল হয়ে পড়ছে যানবাহন। অটোরিকশাচালক আরফান আলী জানান, তিনি মাস পাঁচেক আগেও কালামপুর-সাটুরিয়া সড়কে নিয়মিত সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। কিন্তু সড়কটির বেহাল দশার কারণে তিনি এখন আর অটোরিকশা চালান না।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পদ্মা অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী শফিউল আলম চাকলাদার জানান, বিল না পাওয়ায় তিনি কাজ বন্ধ রেখেছেন। তিনি বলেন, শুধু এখানেই নয়, দেশের ৯০ শতাংশ সড়কের উন্নয়নকাজই আটকে আছে অর্থের অভাবে।অর্থাভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করে মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ৩০ শতাংশের ওপর কাজ করেছে। এরপরও বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ কারণেই কাজ বন্ধ রয়েছে।