অর্থাভাবে কদমতলা সংসদের কার্যক্রম স্থবির
অর্থাভাবে স্থবির হয়ে আছে কদমতলা সংসদের কার্যক্রম। একসময় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ও নতুন প্রজন্মের ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখলেও এখন আর্থিক সামর্থ্য না থাকায় স্থবির হয়ে আছে কার্যক্রম।
কদমতলা সংসদের সদস্যরা জানান, ১৯৭৮ সালে ১৭ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠানটি গঠিত হয়। এক বছর আগেও প্রতি শুক্রবার এখান থেকে এলাকাবাসীকে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হতো। ত্রাণ সরবরাহ করা হতো। ওয়াসার স্থানীয় কর্তৃপক্ষ ও সংঘের সহায়তায় করা হয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ। সংঘটি পরিচালনার জন্য এখন রয়েছে ৩৩ সদস্যের কমিটি। এ ছাড়া সাধারণ সদস্যের সংখ্যা শতাধিক। সদস্যদের কাছ থেকে সংগৃহীত চাঁদাই বর্তমানে সংঘটির একমাত্র আয়ের উৎস। কিন্তু এই সামান্য আয় দিয়ে এখন আর চালানো যাচ্ছে না সংঘের কার্যক্রম। অর্থাভাবে সংঘের ফুটবল দলটি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে পারছে না। জাতীয় লিগের প্রথম বিভাগ থেকে তৃতীয় বিভাগে নেমে এসেছে।
সরেজমিনে দেখা যায়, সংসদের ক্লাবে নয়টি কক্ষ রয়েছে। কক্ষগুলোতে টেবিল-চেয়ার ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। এ সময় সংঘটির বেশ কয়েকজন সদস্যকে সংঘের ফটকের সামনে বসে আড্ডা দিতে দেখা যায়।
‘কদমতলা সংসদ’-এর সাংগঠনিক সম্পাদক মুকিম সিকদার বলেন, ‘অর্থাভাবে আমরা আমাদের ক্রীড়া দলগুলোর ব্যয়ভার বহন করতে পারছি না। ক্লাব কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সরকারি সহায়তা প্রয়োজন।’