অর্থাভাবে নির্ধারিত মেয়াদ ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের সম্প্রসারণকাজ শেষ করা সম্ভব হবে না। ১২৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে গত তিন অর্থবছরে বরাদ্দ মিলেছে মোট ২১ কোটি টাকা। এতে প্রকল্পটির মাত্র ২০ শতাংশের মতো কাজ হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ‘চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের অক্সিজেন-হাটহাজারী অংশের সম্প্রসারণ’ প্রকল্পে মোট সাড়ে ১২ কিলোমিটার রাস্তা চওড়া করা হচ্ছে। শুরুতে সড়কটি চার লেনে উন্নীত করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়।সূত্র আরও জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় টাকা পরিশোধ করতে না পারায় সড়কের চৌধুরীহাট থেকে ইসলামিয়া হাট পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশের পূর্ব পাশের বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ চলছে ধীরগতিতে। এ কারণে ওই অংশের কার্পেটিং করতে পারছে না সওজ। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সড়কের চৌধুরীহাট, নন্দীরহাট, ফতেয়াবাদ, ইসলামিয়া হাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন অংশে রাস্তা চওড়া করার কাজ প্রায় শেষ। সড়কের এসব এলাকার কিছু অংশে প্রতিরক্ষাদেয়াল নির্মাণের কাজ চলছে। তবে সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হয়নি। চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘২০১০-১১ অর্থবছরে আট কোটি, ২০১১-১২ অর্থবছরে তিন কোটি এবং ২০১২-১৩ অর্থবছরে ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই টাকায় প্রকল্পের প্রায় ২০ শতাংশের কাজ শেষ হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয়।’সওজ সূত্র জানায়, বর্তমানে সড়কটির প্রস্থ ২৪ ফুট। প্রথমে সড়কটি চার লেন করার প্রস্তাব ছিল। এতে জমি অধিগ্রহণে প্রায় ৩০০ কোটি টাকার প্রয়োজন হতো। তাই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। বর্তমান সিদ্ধান্ত অনুসারে সম্প্রসারণের পর সড়কের প্রস্থ হবে ৫০ ফুট। কিন্তু জমি না পাওয়ায় মদনহাট ও চৌধুরীহাট এলাকায় সড়কের প্রস্থ ৩৫ ফুটের বেশি হবে না। হাটহাজারী সদরের বাসিন্দা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শুরুর পর থেকেই নানা অজুহাতে ধীরগতিতে কাজ হয়েছে। রাস্তা বড় হবে—এ আশায় তিন বছর ধরে অনেক কষ্ট সহ্য করেছি। এ অবস্থা চলতে থাকলে কখন কাজ শেষ হবে আর কখন দুর্ভোগ থেকে মুক্তি পাব, তা জানি না।’ রানা প্রিয় বড়ুয়া বলেন, ‘প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হবে। চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের কাছে আরও ২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। মার্চ বা এপ্রিলে ওই বরাদ্দ পেলে পিডিবির পাওনা পরিশোধ করতে পারব। পাশাপাশি সড়কের প্রায় আরও ১৫ শতাংশ কাজ শেষ করা সম্ভব হবে।’