অর্থ বরাদ্দ না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারিপ্রতিষ্ঠান। ১৫ এপ্রিল থেকে ওই মহাসড়কের মাটি ভরাট ও কালভার্ট নির্মাণের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নির্ধারিত সময়ে মহাসড়কের কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।মহাসড়কটির এ পর্যন্ত ১২ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চার লেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০১০ সালের ১০ জানুয়ারি কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ দশমিক শূন্য ৩ কিলোমিটার মহাসড়কের চার লেনের কাজ শুরু হয়। এক হাজার ৫৫৫ কোটি টাকা ব্যয়ে ওই মহাসড়কের কাজ ২০১৩ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় চার লেনের কাজ চলছে ধীরগতিতে।সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কের আশপাশে চীনের ঠিকাদারিপ্রতিষ্ঠান তাদের বিকো মেশিন সরিয়ে নিয়েছে। কেবল সুয়াগাজীতে একটি মেশিন মহাসড়কের পাশে দেখা গেছে। তা ছাড়া চৌদ্দগ্রামের বিভিন্ন অংশে এবড়োখেবড়ো করে কিছু মাটি ফেলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে ১৭৩ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে।সিনো হাইড্রো করপোরেশনের প্রকৌশলী নজরুল ইসলাম মিয়াজী গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে জানান, শ্রমিকদের দুই-তিন মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। অর্থ এবং বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর থেকে চৌদ্দগ্রামের বাতিশা পর্যন্ত অংশের প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারোয়ার বলেন, ‘অর্থাভাব ও বৃষ্টির কারণে এক মাস ধরে কাজ ধীরগতিতে চলছে। গত ১৫ তারিখ থেকে কাজ বন্ধ রয়েছে।’দাউদকান্দি থেকে আলেখারচর পর্যন্ত অংশের প্রকল্প ব্যবস্থাপক সামছুদ্দিন নান্নুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।