অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা শামিমুল হক (৭০) হাঁটুর তীব্র ব্যথায় কাতরাচ্ছেন। তিনি বাড়িতে শয্যাশায়ী। তাঁর জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না।
মুক্তিযোদ্ধা শামিমুল হকের বাড়ি কুড়িগ্রাম শহরের ঈদগাহ মাঠসংলগ্ন সবুজ পাড়ায়।
শামিমুল হকের স্ত্রী নুরন্নাহার হক বলেন, ১৯৭১ সালে শিলিগুড়িতে ট্রেনিং নেওয়ার সময় শামিমুল হক হাঁটুতে প্রচণ্ড চোট পান। মাঝেমধ্যে হাঁটুর ব্যথায় ভুগতেন। ঠিকমতো চিকিৎসা করা হয়ে ওঠেনি। এখন তা ভয়াবহ রূপ ধারণ করেছে। ব্যথার কারণে তিনি নড়াচড়া করতে পারেন না। বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করেন। তাঁর এই অসহ্য যন্ত্রণায় বাড়ির অন্য সদস্যরা কাতর। কিন্তু অর্থাভাবে কিছু করতে পারছেন না। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস সার্জারি বিভাগের চিকিৎসক এম এম হক মাহফিল শিগগির অস্ত্রোপচারের জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচার করা না হলে তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। কিন্তু ভাতার টাকায় কোনোরকমে তাঁদের সংসার চলছে। স্বামীর চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, তিনি ব্যক্তিগতভাবে ও কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা শামিমুল হককে সহযোগিতা দিয়ে আসছেন। কিন্তু এখন তাঁর চিকিৎসায় মোটা অঙ্কের টাকা দরকার। এত টাকা কমান্ডের তহবিলে নেই।