অর্থাভাবে চিকিৎসা পাচ্ছেন না মুক্তিযোদ্ধা তাহের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাস চলছে। ভাবগাম্ভীর্য পরিবেশে বিজয় দিবসও পালিত হয়েছে। কিন্তু যাঁরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে এই বিজয় ছিনিয়ে এনেছেন, তাঁদেরই একজন আবু তাহের (৫৬) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যেতে বসেছেন। কেউ তাঁর খোঁজও নিচ্ছেন না।পারিবারিক সূত্রে জানা গেছে, আবু তাহের দীর্ঘদিন যাবৎ ভাড়া ঘরে শয্যাশায়ী। ডায়াবেটিসসহ তাঁর শরীরে পচন রোগ দেখা দিয়েছে। রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর চিনিকল কোয়ার্টারের ৩ নম্বর এফ ভবনের দ্বিতীয় তলার একটি সংকীর্ণ কক্ষে বসবাস তাঁর। তিনি শ্যামপুর চিনিকলের ‘ওয়ার্কশপ সিনিয়র টার্নার’ পদে সামান্য বেতনে চাকরি করেন। আবু তাহের ৬ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। তাঁর মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ক্রমিক নম্বর ২৮৭০৬, গেজেট নম্বর ১৪৩৯ ও মুক্তিবার্তা নম্বর ০২০৯০২১৭৩।সম্প্রতি ওই বীরযোদ্ধার ভাড়াবাড়িতে গিয়ে দেখা যায়, তাঁকে রাখা হয়েছে কক্ষের এক কোণে। তাঁর বাঁ পা পুরোটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর প্রভাব পড়েছে অন্য পায়ে। অর্ধাহার-অনাহারে শরীর হয়েছে অনেকটা কঙ্কালসার। পিঠে দেখা দিয়েছে বড় বড় ঘা। সর্বশেষ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রতিদিন তাঁর আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হতো। সংসারের সঞ্চয় যেটুকু ছিল সব শেষ হয় তাঁর চিকিৎসার পেছনে। ব্যয় নির্বাহ করতে না পারায় গত অক্টোবরের শেষের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আবু তালেব জানান, আবু তাহেরের উন্নত চিকিৎসা দরকার। স্ত্রী আরজু বেগম বলেন, টাকার জন্য তিন ছেলেমেয়েকে ঠিকমতো লেখাপড়া করাতে পারেননি। এক ছেলে এসএসসি পাস করে বেকার। বয়স পেরিয়ে গেলেও এক মেয়েকে বিয়ে দিতে পারেননি। পরিবারের সদস্যসংখ্যা সাতজন।আবু তাহের বলেন, ‘আমার কোনো দুঃখ নেই। আমি মরে যাচ্ছি। মরে গেলেই রক্ষা পাই। দেশ স্বাধীন করেছি—এতেই শান্তি। এখন সবাই মুক্তিযোদ্ধা। দেশে কাগজে-কলমে নতুন নতুন মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন নেই। চিকিৎসায় সাহায্যের জন্য দেড় মাস আগে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করলাম, সাড়া পেলাম না। তবুও শেখ হাসিনার প্রতি দোয়া রইল।’বদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী সরকার বলেন, একজন মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অথচ সাহায্যে কেউ এগিয়ে আসছে না। মুক্তিযোদ্ধাদের নিয়ে এই তামাসা কি চলতেই থাকবে? রংপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু বলেন, একজন মুক্তিযোদ্ধা যদি বিনা চিকিৎসায় মারা যান, সেটা হবে দুঃখজনক।