অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না সোহাগপুরের বিধবাদের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গণহত্যা থেকে রক্ষা পাওয়া স্বামী-স্বজন হারানো বিধবারা এখন বার্ধক্যজনিত রোগে জর্জরিত হয়ে মানবেতন জীবন যাপন করছেন। টাকার অভাবে পরিবার তাঁদের চিকিৎসা পর্যন্ত করাতে পারছে না।
সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের ১৮৭ জনকে হত্যা করে। এতে ৬২ জন নারী বিধবা হন। বেনুপাড়ার সব পুরুষকে হত্যা করায় স্বাধীনতালাভের পর পাড়াটির নাম হয়ে যায় বিধবাপল্লি। সেখানে এখনো বেঁচে আছেন ২৯ জন নারী। সেই সময় নির্যাতনের শিকার ১২ জন বিধবার মধ্যে ৬ জনকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। অন্যরা স্বীকৃতি পেতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
কিন্তু বেঁচে থাকা বিধবারা বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে দুর্বিষহ জীবন যাপন করছেন। তাঁদের মধ্যে অনেকেই রক্তচাপ, ডায়াবেটিস, আলসার, চোখের ছানি পড়া রোগে আক্রান্ত হয়েছেন। অর্থাভাবে তাঁরা চিকিৎসা করাতে পারছেন না। আড়াই বছর ধরে বিনা চিকিৎসায় শয্যাশায়ী হয়ে পড়ে আছেন নুরেমন বেগম (৮১)। বার্ধক্যজনিত রোগে দিনমনি রাকসাম (৯৮), হাজেরা বেওয়া (৭৫) ও লাগজান বেগম (৯০) শয্যাশায়ী।
গত রোববার গ্রামটিতে গিয়ে কয়েকজন বিধবা নারীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, প্রতি মাসে তাঁরা ট্রাস্ট ব্যাংক থেকে ২ হাজার, ব্র্যাক থেকে ৪০০ ও বিধবা ভাতা হিসেবে ৪০০ টাকা করে পান। এই টাকায় দুবেলা খাবারের ব্যবস্থা হলেও ভালো চিকিৎসক দেখানো বা প্রয়োজনীয় ওষুধ কেনা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে রোগে জর্জরিত অবস্থাতেই দিন কাটাতে হচ্ছে তাঁদের।
বিধবাপল্লির নুরেমন বেগমের ঘরে গিয়ে দেখা যায়, তিনি মাটিতে শুয়ে আছেন। একটি পা ও হাত অচল। কথা বলতে পারেন না। কেমন আছেন জানতে চাইলে শুধু হাত নাড়ান। নুরেমনের পুত্রবধূ ফিরুজা বেগম বলেন, ‘টেহার অভাবে ভালা কোনো ডাক্তারের কাছে নিবার পাইছি না। ভাতার যে টেহা পাওয়া যায়, এই টেহা দিয়া ঠিকমতো খাওয়ুনি চলে না। ডাক্তার দেহামু কেমনে। সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা অইলে উপকার অইত।’
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে মন্ত্রণালয়ে আবেদন করেছেন করফুলি বেগম। তিনি বলেন, ‘২৩ জন বিধবা তিন মাস পর পর যে টেহা পায়, তা দিয়া খায়ুন-খরচি চলে না। চিকিৎসা করাইব কেমনে। সবাই নানা রোগে ভোগতাছে। সরকার যদি এই বিধবাগেও চিকিৎসার ব্যবস্থা করত, তাইলে মৃত্যুর আগে সবাই একটু তৃপ্তি পাইত।’
সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ৬ জন নারী মুক্তিযোদ্ধা ছাড়া বিধবারা যে টাকা পান, তাতে তাঁরা চিকিৎসা করাতে পারেন না। তাঁদের মধ্যে ৪ জন শয্যাশায়ী। সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা গেলে ভালো হয়।
কাকরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদউল্লাহ তালুকদার বলেন, এখন সবার বয়স বেড়েছে। জরুরি ভিত্তিতে তাঁদের চিকিৎসার প্রয়োজন। দ্রুত খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, ‘গত ১৮ জুন জেলা প্রশাসনের সহযোগিতায় চারজনকে হুইলচেয়ার ও প্রত্যেক নারীকে ২ হাজার করে টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) স্যারের সঙ্গে কথা বলে চিকিৎসা দল গঠন করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’