নারায়ণগঞ্জ শহরের চাদঁমারী এলাকায় জেলা রেজিস্ট্রি কমপ্লেক্সের নির্মাণকাজ তিন বছরেও সম্পন্ন হয়নি। শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ভাড়া বাড়িতে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলছে। এতে সরকারি কোষাগারের অর্থ যেমন ব্যয় হচ্ছে, তেমনি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দলিল লেখকদের অভিযোগ, গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তিন বছর ধরে ঝুলে আছে নির্মাণকাজ।
গণপূর্ত বিভাগ কার্যালয় সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগ চাদঁমারী এলাকায় ৫০ শতক জমির ওপর জেলা রেজিস্ট্রি কমপ্লেক্স নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। তিনতলা ভবন ও জমির মূল্যসহ ব্যয় ধরা হয় ৭ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা। মিল্কি ট্রেডার্স অ্যান্ড বিল্ডার্স এই কাজ পায়। ২০১১-২০১২ অর্থবছরে মিল্কি ট্রেডার্স অ্যান্ড বিল্ডার্সের অনুকূলে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু এর মধ্যে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান এক বছর আগে তিনতলা নির্মাণ করে কাজ শেষ করে। কিন্তু অর্থের অভাবে ভবনের প্লাস্টার, দরজা-জানালা, মাটি ভরাট ও রাস্তার কাজ বাকি রেখে দেয়। অথচ এক বছরের মধ্যে সব কাজ শেষ করার কথা ছিল।
দলিল লেখক সামসুল হক, কামল হোসেনসহ বেশ কয়েকজন জানান, ওই ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে একটি পাঁচতলা বাড়ি ভাড়া নিয়ে চলছে জেলা রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম। প্রতি মাসে এই কার্যালয়ের জন্য ভাড়া গুণতে হয় ১ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া কার্যালয়ে যাওয়ার রাস্তাঘাট ভাঙাচোরা। জমির ক্রেতা-বিক্রেতারা নগদ টাকা নিয়ে গোদনাইলে আসতে নিরাপত্তাহীনতায় ভোগেন। আবার জমি রেজিস্ট্রির জন্য পে-অর্ডার করতে হয় শহরের চাষাঢ়া সোনালী ব্যাংক করপোরেট শাখায়
সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. কলিম উল্লাহ জানান, রাস্তাঘাট এতটাই ভাঙা যে রিকশাও অনেক সময় আসতে চায় না। ফলে মানুষজন নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা পুরোনো সড়কে নেমে প্রায় এক কিলোমিটার ভেতরে অর্ধেক রিকশা, অর্ধেক হেঁটেও আসেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ক্রেতা বলেন, এলাকাটা নীরব। সেই সঙ্গে পুলিশের পাহারাও নেই। টাকা নিয়ে আসতে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।
সদ্য যোগদান করা জেলা রেজিস্ট্রার লুৎফর রহমান জানান, ‘বারবার তাগাদা দেওয়ার পরও গণপূর্ত বিভাগ কাজ শেষ করে আমাদের কাছে ভবন হস্তান্তর করছে না। শুধু বলছে টাকার অভাবে কাজ শেষ করা যাচ্ছে না। গণপূর্ত বিভাগের প্রকৌশলী জানিয়েছে একনেকের সভায় বাকি কাজের টাকা পাস হলে বাকি কাজ শেষ করা হবে।’
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মিল্কি ট্রেডার্স অ্যান্ড বিল্ডার্সের মালিক আতিকুর রহমান মিল্কি জানান, ‘শিডিউলে ভবন নির্মাণের যে সময় দেওয়া হয়েছিল তার তিন মাস পর গণপূর্ত বিভাগ আমাকে কার্যাদেশ দেয়। ফলে প্রথমে ধাপের কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাকি কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি।’ এ ছাড়া প্রথম ধাপের কাজের ৫০ লাখ টাকার বিল এখনো পাওনা আছে বলে দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা সামছুদ্দোহা বলেন, জেলা রেজিস্ট্রি কমপ্লেক্স ভবন নির্মাণ শেষ করতে ১ কোটি ৯৬ লাখ টাকা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। টাকা বরাদ্দ পেলেই কাজ শেষ করা হবে।